এক্স-রে মেশিন ১১ বছর ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি প্রায় ১১ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে উপজেলার রোগীদের জেলা সদর বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৫ সালের আগস্ট মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স-রে মেশিনটি সরবরাহের পর তা স্থাপন করা হয়। কিন্তু স্থাপন করার কয়েক দিন পর এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে। রোগীদের ৫২ কিলোমিটার দূরের জেলা শহর বা ১০০ কিলোমিটার দূরত্বের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বা বেসরকারি ক্লিনিকে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে।
গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের দিনমজুর সালাম মিয়া বলেন, ‘মানষির (মানুষ) বাঁশ কাটিবার কাজ করির গেছুনু। তাতে বুকোত ডাং (ব্যথা) নাগে। এই জন্য ডাক্তার দেখানু বাহে। ডাক্তার কইছে বুকের পরীক্ষা করিবার নাগিবে কইল। আর এটেকার পরীক্ষার মেশিন নাকি খারাপ হইছে। এলা রংপুর বা নালমনিরহাটোত জেয়া পরীক্ষা (এক্স-রে) করিবার নাগিবে। হামরা গরিব মানষি বাহিরোত (লালমনিরহাট) পরীক্ষা করিবার গেইলে টাকা নাগে, সেই টাকা কোঠে পামো।’
উপজেলার সিন্দুনা গ্রামের বাবুল মিয়া বলেন, ‘তাঁর ছেলে খেলতে গিয়ে বুক ও পায়ে ব্যথা পেয়েছে। ডাক্তার বলেছেন এক্স-রে করাতে। কিন্তু এক্স-রে মেশিনটি নষ্ট বলে লালমনিরহাট শহরের হাসপাতালে গিয়ে এক্স-রে করাতে হয়েছে। এতে তাঁর যাতায়াতসহ খরচ হয়েছে ছয় শ টাকা। এখানে এক্স-রে করাতে ৯০-১২০ টাকা খরচ হতো।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পর ২০১৫ সালের ডিসেম্বর মাসে মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা এসেছিলেন। মেরামতের চেষ্টা করেন। কিন্তু যে যন্ত্রাংশের প্রয়োজন তা সংশ্লিষ্ট কোম্পানিতে পাওয়া গেলেই এটি মেরামত করা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। ফলে এটি বিকল অবস্থায় পড়ে রয়েছে।