এক্স-রে মেশিন ৫ বছর বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি পাঁচ বছর ধরে বিকল। এ অবস্থায় এখানে চিকিৎসা নিতে আসা লোকজনকে জেলা শহরে গিয়ে কিংবা ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিভাগের রেডিওগ্রাফার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ৮ আগস্ট কাজ করার সময় হঠাৎ এক্স-রে মেশিনটিতে সমস্যা দেখা দেয়। এর পর থেকে এক্স-রে মেশিনটি বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার লিখিতভাবে জানিয়েছে। কিন্তু এটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালে গেলে সিংপুর গ্রামের মো. জলিল মিয়ার (৬৫) সঙ্গে দেখা হয়। তিনি বলেন, ‘বুকের ব্যথা নিয়ে হাসপাতালে এলে চিকিৎসক আমাকে এক্স-রে করার পরামর্শ দেন। এখানের মেশিনটা নাকি খারাপ। তাই আগামীকাল কিশোরগঞ্জে গিয়া এক্স-রে করে চিকিৎসককে দেখাতে হবে।’নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, এখানে একটি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এহসানুল হক বলেন, ‘এক্স-রে মেশিনটি বিকল থাকায় এখানকার দরিদ্র লোকজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য আমি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আমি প্রায় এক বছর ধরে এখানে আছি। এক্স-রে মেশিনটি মেরামতের জন্য এখন পর্যন্ত কাউকে আসতে দেখিনি।’ কিশোরগঞ্জের সিভিল সার্জন হুসাইন সারোয়ার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।