এক্স-রে মেশিনটি কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্স-রে মেশিনটি পরিচালনার জন্য আছে দক্ষ অপারেটর। আছে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষও। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে এটি সাত বছর ধরে নতুনই রয়ে গেছে। ফলে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি থেকে কোনো সুফলই পাচ্ছে না রোগীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ান জানান, স্বাস্থ্য বিভাগ ২০০৪ সালে ৩০০ এমএম ক্ষমতাসম্পন্ন এক্স-রে মেশিনটি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দেশের উপজেলা পর্যায়ে অনেক হাসপাতালেই এমন উন্নত এক্স-রে যন্ত্র নেই। তিনি জানান, রাঙামাটি জেলা সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী, এক্স-রে মেশিনটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে যথাযথভাবে বসানো হয়। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে যন্ত্রটি গত সাত বছরের মধ্যে একবারের জন্যও চালু করা যায়নি।অনুপ দেওয়ান বলেন, ‘কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জায়গায় উন্নতমানের ৩০০ এমএম ক্ষমতাসম্পন্ন এক্স-রে মেশিনের বদলে ১০০ এমএম ক্ষমতাসম্পন্ন একটি এক্স-রে মেশিন সরবরাহ করলে তা কাজে লাগানো সম্ভব হতো।’সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের শীতাতপনিয়ন্ত্রিত ১১ নম্বর কক্ষে এক্স-রে মেশিনটি বসানো রয়েছে। কক্ষে ফিল্ম ওয়াশ করার জন্য পর্যাপ্ত সুবিধাও আছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাসুদ আলম বলেন. ‘চিকিৎসার স্বার্থে অনেক রোগীর এক্স-রে করার প্রয়োজন হয়। তাদের আমরা চট্টগ্রাম থেকে নিজ খরচে এক্স-রে করার পরামর্শ দিই।’স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বেলায়েত হোসেন বলেন, ‘কাপ্তাইয়ে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সারা দেশ আলোকিত হয়। আর বিদ্যুতের অভাবে এখানকার এক্স-রে যন্ত্র চালু করা যায় না, এটা গ্রহণযোগ্য নয়।’ এ ব্যাপারে স্থানীয় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে যে বিদ্যুৎ সরবরাহ রয়েছে, তা দিয়ে ৩০০ এমএম ক্ষমতাসম্পন্ন এক্স-রে মেশিন চালানো সম্ভব নয়। মেশিনটি চালাতে হলে নতুন একটি ট্রান্সফরমার বসাতে হবে। বিষয়টি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক আগেই জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ট্রান্সফরমার কিনে দিলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সেটি বসানো এবং সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।জেলা সহকারী সিভিল সার্জন মোস্তাফিজুর রহমানও বিদ্যুতের অভাবে এত দিন এক্স-রে যন্ত্রটি ব্যবহার করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন। তবে তিনি জানান, দাতা সংস্থা ইউএনডিপির অর্থায়নে শিগগির প্রয়োজনীয় বিদ্যুৎ-সংযোগের ব্যবস্থা করে যন্ত্রটি সচল করা হবে। রাঙামাটি জেলা পরিষদের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সরেজমিনে দেখে গেছে বলেও তিনি জানান। রাঙামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইরফান শরীফ জানান, জনস্বার্থে এক্স-রে মেশিনটি সরবরাহ করা হয়েছিল। কিন্তু এটি থেকে এত দিন মানুষ কোনো সেবা পায়নি। এবার জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে এক্স-রে যন্ত্র চালুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সমস্যা সমাধানেরও উদ্যোগ নেওয়া হয়েছে।