এক্স-রে মেশিনটি কাজে আসছে না
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্রটি আসার পর ছয় বছর পার হলেও এটা কোনো কাজেই লাগেনি কারও। বিদ্যুৎ থাকলে যন্ত্রটা নষ্ট, যন্ত্র ঠিক থাকলে কারিগর থাকে না—এ রকম নানা অবস্থার ফাঁদে পড়ে দরিদ্র রোগীরা বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে। এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৬ সালে এখানে এক্স-রে যন্ত্রটি আসে। তখন কারিগর ছিল না। এ নিয়ে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হলে একজন এক্স-রে কারিগর নিয়োগ দেওয়া হয়। কারিগর আসার পর আবার উপজেলায় বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে যন্ত্রটি ব্যবহার করা যেত না। এরপর গত বছর ওই কারিগর বদলি হয়ে অন্যত্র চলে যান। এর মধ্যে আবার বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। এখন প্রয়োজনীয় বিদ্যুৎ ভোল্টেজ থাকলেও কারিগরের অভাবে রোগীদের এক্স-রে যন্ত্রের সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।সূত্রটি আরও জানায়, প্রতিদিন এখানে বহির্বিভাগে ১৫০ থেকে ২০০ রোগী আসে। এর মধ্যে কমপক্ষে অর্ধেকেরই এক্স-রের প্রয়োজন হয়। এখানে এক্স-রে করাতে মাত্র ৭০ টাকা লাগে। কিন্তু বাইরে লাগে ২৫০ থেকে ৩০০ টাকা।চিকিৎসা নিতে আসা জগন্নাথপুর গ্রামের রাজন দে বলেন, ‘এত দিন শুনছি কম কারেন্টের (লো-ভোল্টেজের) লাগি মেশিন চলে না। হখন মেশিন চালানির লোক নাই। এরপরে চালানির লোক আইলে কইব মেশিন নষ্ট। এই হাসপাতালের সবকিছুত এরম শনির দশা।’উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের এমদাদুর রহমান অভিযোগ করেন, বাইরের রোগনির্ণয় কেন্দ্রগুলোর সঙ্গে যোগসাজশ থাকায় ইচ্ছা করে সরকারি এক্স-রে যন্ত্রটি ব্যবহার করা হয় না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আবাসিক চিকিৎসক সামছুদ্দিন আহমদ বলেন, ‘এক্স-রে কারিগরের জন্য অবেদন করেছি। আশা করছি শিগগিরই যন্ত্রটি চালু করতে পারব।’ বেসরকারি কোনো রোগনির্ণয় কেন্দ্রের সঙ্গে এখানকার চিকিৎসকদের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি।