এক্স-রে মেশিনটি তিন বছর ধরে বাক্সবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্যানেল কি-বোর্ড সংযোজন না করায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোটি টাকা মূল্যের এক্স-রে মেশিনটি চালু করা যাচ্ছে না। এটি তিন বছর ধরে বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকায় এ হাসপাতালে আসা রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বাইরে গিয়ে এক্স-রে করতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৭ সালে এক্স-রে মেশিনটি চালু করা হয়। কয়েক মাস পরই এর প্যানেল কি-বোর্ড নষ্ট হয়ে যায়। কয়েক লাখ টাকা খরচ করলেই এটি সচল করা সম্ভব। প্যানেল কি-বোর্ড নষ্ট হওয়ায় এ মেশিনটি চালানোর দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট কাম রেডিওগ্রাফার সাদিকুল ইসলামকে প্রেষণে তিন বছর আগে রাজশাহীর গোদাগাড়ী বিশেষ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা চালক আবদুল আজিজ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তিনি জানতে পারেন, এক্স-রে মেশিনটি সচল নয়। তাই বাধ্য হয়ে তাঁকে ১৮ কিলোমিটার দূরে কুড়িগ্রাম সদর হাসপাতালে গিয়ে এক্স-রে করাতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজন চন্দ্র বর্মণ বলেন, ‘এখানে এক্স-রে না হওয়ায় আমরা রোগীদের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিই।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হাকিম জানান, বেশ কয়েকবার প্যানেল কি-বোর্ড স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ে পত্র পাঠানো হয়েছে।