এক্স-রে মেশিনটি নষ্ট আট মাস
আট মাস ধরে বিকল পড়ে আছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা সরকারি হাসপাতালের এক্স-রে মেশিন। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিকল এক্স-রে মেশিনটি মেরামতের জন্য একাধিকবার পত্র পাঠিয়েও কোনো কাজ হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুন এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে। সেটি দ্রুত মেরামতের জন্য গত ২ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত একটি পত্র ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের (ভান্ডার ও সরবরাহ) কাছে পাঠানো হয়। এর আগে ২৮ জুলাই মেরামতের জন্য আরও একটি পত্র পাঠানো হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এফ এম খায়রুল আতাতুর্ক বলেন, দীর্ঘদিন এক্স-রে মেশিন নষ্ট থাকায় জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার পত্র দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।