এক্স-রে যন্ত্র নষ্ট দেড় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্গাচাষি শাহিনুর রহমানের ছয় বছরের মেয়ে তাসনোভা খেলতে গিয়ে বাঁ হাতে আঘাত পেয়েছিল। কয়েক দিন আগে মেয়েকে নিয়ে তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকেরা তাঁকে জানান, মেয়ের হাতের সমস্যা নির্ণয় করার জন্য এক্স-রে করাতে হবে। কিন্তু এ হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় তিনি আর সেদিন তা করাতে পারেননি। কারণ, বাইরের ক্লিনিকে এক্স-রে করানোর মতো টাকা তাঁর কাছে ছিল না। তাই পরদিন এক প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে মেয়ের হাতের এক্স-রে করান। এতে তাঁর অতিরিক্ত টাকা খরচ হয়। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র না থাকায় শাহিনুর রহমানের মতো অনেককে ভোগান্তি পোহাতে হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় বাইরের ক্লিনিকে অতিরিক্ত টাকা দিয়ে তা করাতে হচ্ছে। যন্ত্রটি দেড় বছর আগে নষ্ট হলেও কর্তৃপক্ষ সেটি ঠিক করার উদ্যোগ নিচ্ছে না।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাইদুর রহমান জানান, এই উপজেলায় দুই লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন এই হাসপাতালে অনেক মানুষ চিকিৎসা নিতে আসে। অথচ এখানের এক্স-রে যন্ত্র দেড় বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস জানান, যন্ত্রটি ঠিক করার জন্য অনেক আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া নতুন একটি এক্স-রে যন্ত্র বরাদ্দ করার জন্যও কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।