যান্ত্রিক ত্রুটির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি ছয় বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে এখানে চিকিৎসা নিতে আসা লোকজনকে অতিরিক্ত টাকা দিয়ে বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার জনসংখ্যা দুই লক্ষাধিক। ২০০৫ সালে এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। এটি ২০০৮ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বিকল হয়ে যায়। যন্ত্রটি মেরামতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত এ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) মো. রুহুল আমিন বলেন, ‘এ নিয়ে আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, এ ধরনের যন্ত্র বিকল হলে তা মেরামত করলেও খুব বেশি দিন স্থায়ী হয় না। এখানে একটি নতুন এক্স-রে যন্ত্র বরাদ্দ দেওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ‘যন্ত্রটি দীর্ঘদিন ধরে বিকল থাকায় এখানে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি।’