এক্স-রে যন্ত্রটি ১৫ মাস ধরে নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি এক্স-রে যন্ত্রের একমাত্র সচল যন্ত্রটিও ১৫ মাস ধরে নষ্ট হয়ে আছে। অথচ এটি সারানোর কার্যকর কোনো উদ্যোগ নেই। এতে এখানকার রোগীরা স্বল্পমূল্যে এই সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বাধ্য হচ্ছে অনেক বেশি খরচ করে বাইরের ডায়াগনস্টিক কেন্দ্রগুলোতে যেতে। কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩০০ এমএ (মিলি অ্যাম্পিয়ার) এক্স-রে যন্ত্রটি গত বছরের জানুয়ারি মাসে নষ্ট হয়। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হলে সেখান থেকে একজন প্রকৌশলী এসে এর মেরামতে প্রয়োজনীয় খরচের বিবরণী তৈরি করেন। পরে তা রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারে (সেন্ট্রাল মেডিকেল স্টোর) জমা দেওয়া হয়। কিন্তু সেখান থেকে এর মেরামত বাবদ কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। এ কারণে এখন পর্যন্ত যন্ত্রটি অচল পড়ে আছে।সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন ওই কমপ্লেক্সের বহির্বিভাগে ৩০০ থেকে ৩৫০ জন রোগী আসে। এদের মধ্যে ৫০-৬০ জনের এক্স-রে করার প্রয়োজন হয়। কমপ্লেক্সটিতে একবার এক্স-রে করতে ৫০-৬০ টাকা খরচ হয়। আর বাইরের ডায়াগনস্টিক কেন্দ্রগুলোয় এ খরচ হয় ২৫০ থেকে ৩০০ টাকা।চিকিৎসা নিতে আসা উপজেলার রামপুর গ্রামের ইসমাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর ছেলের পা মচকে গেলে চিকিৎসক এক্স-রে করাতে বলেন। বাইরে থেকে অনেক টাকা খরচ করে তিনি তা করেছেন। তিনি বলেন, ‘একটা সেবা পেতে আমাদের যদি এত টাকাই খরচ করতে হয়, তবে সরকারি হাসপাতাল থেকে লাভ কী? তা-ও আবার এখানে নেই চিকিৎসক, নেই ওষুধ, নেই পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও।’কমপ্লেক্সের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট শামীম পাটওয়ারী জানান, যন্ত্রটি নষ্ট হওয়ার পর তাঁকে এখান থেকে বদলি করা হয়। কমপ্লেক্সে ১২ এমএ, ১০০ এমএ ও ৩০০ এমএর তিনটি এক্স-রে যন্ত্র আছে। এগুলোর মধ্যে ৩০০ এমএ যন্ত্রটি ১৫ মাস ধরে নষ্ট। ১২ এমএ যন্ত্রটি মেয়াদোত্তীর্ণ। আর ১০০ এমএ যন্ত্রটি প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চালু করা যাচ্ছে না।এ প্রসঙ্গে জানতে চাইলে কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, একাধিকবার বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারে জানানো হয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি। কবে নাগাদ এটি ঠিক হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’