এক্স-রে যন্ত্রটি ১৫ মাস ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি ১৫ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল রোগীরা বাইরে কোথাও এক্স-রে না করিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।
মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফার এনামুল হক বলেন, গত বছরের ২৭ জুন এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে যায়।
মোশারফ হোসেন (৪৮) নামের এক রোগী জানান, বাঁ পায়ে আঘাত পেয়ে তিনি চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসক ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে এক্স-রে করতে বলেন। কিন্তু টাকার অভাবে বাইরে কোথাও এক্স-রে না করিয়ে তিনি বাড়ি চলে যাচ্ছেন। শহিদার রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘চিকিৎসার জন্য বিরামপুরের একটি ক্লিনিক থেকে ৩০০ টাকা খরচ করে এক্স-রে করাতে হয়েছে। এর সঙ্গে রয়েছে যাতায়াত খরচ।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান আলী বলেন, ১৫ মাস ধরে যন্ত্রটি বিকল পড়ে আছে। প্রতিদিন পাঁচ-ছয়জন রোগীর এক্স-রে করা প্রয়োজন হয়। মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।