এক্স-রে যন্ত্রসহ বেশির ভাগ চিকিৎসা সরঞ্জাম নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিন গত সাত বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ ছাড়া আরও কিছু জরুরি চিকিৎসা সরঞ্জাম অকেজো রয়েছে। ফলে প্রায় চার লাখ জনসংখ্যা অধ্যুষিত এ উপজেলার মানুষেরা দীর্ঘদিন থেকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৫ সালে নয় লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে যন্ত্র কেনা হয়। ২০০৭ সালের ৭ জুলাই তা বিকল হয়ে পড়ে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ যন্ত্রটি মেরামতের জন্য ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে পাঠায়। ঔষধাগারের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দুই লাখ ৭৫ হাজার টাকায় যন্ত্রটি মেরামত করার প্রস্তাব দিলে কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। ২০১২ সালের ১০ জুলাই যন্ত্রটি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে আট লাখ আট হাজার টাকায় তা মেরামতের প্রস্তাব দেওয়া হয়। এই খরচ নতুন এক্স-রে যন্ত্রের মূল্যের সমান হওয়ায় কর্তৃপক্ষ তা ফিরিয়ে দেয়। এরপর আর কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ চলতি বছরের ২৩ এপ্রিল কেন্দ্রীয় ঔষধাগার থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে সরকারি হাসপাতাল ও যন্ত্রপাতি মেরামতের চাহিদাপত্র ছক পূরণ করে পাঠাতে বলা হয়। ২২ মে হাসপাতাল কর্তৃপক্ষ চাহিদাপত্র ছক পূরণ করে পাঠিয়ে দেয়। তবে এক্স-রে যন্ত্রটি মেরামত খরচ ব্যয়বহুল হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ মেরামতের সিদ্ধান্ত বাদ দিয়ে নতুন এক্স-রে যন্ত্রসহ একাধিক চিকিৎসা সরঞ্জাম চেয়ে চাহিদার তালিকা পাঠায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্স-রে যন্ত্র, একটি ডেন্টাল চেয়ার, দুটি অটোক্লেব যন্ত্র ও একটি কলোরিমিটার অকেজো অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য এসব যন্ত্রপাতি ছাড়া আরও একটি মাইক্রোস্কোপ, একটি ইসিজি যন্ত্র, একটি অটো এনালাইজার ও একটি আলট্রাসনোগ্রাম যন্ত্র প্রয়োজন। গত ৯ অক্টোবরের চাহিদাপত্রে এসব চিকিৎসা সরঞ্জাম চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক (ক্রয় ও সরবরাহ) রওশান আলম খান চৌধুরী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত চাহিদাপত্র ছক পূরণ করে পাঠিয়ে থাকলে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।