এক্সচেঞ্জ প্রোগ্রামের তরুণ মার্কিন উদ্যোক্তাদের সফর শুরু
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় পরিচালিত এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ সফরে আসা তরুণ মার্কিন উদ্যোক্তাদের দলটি তাদের সফর শুরু করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটির গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজ ও বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল এবং সিইডির পরিচালক অধ্যাপক মামুন রশিদ মার্কিন প্রতিনিধিদলটিকে বাংলাদেশে স্বাগত জানান। তরুণ উদ্যোক্তাদের এ দলটিকে স্বাগত জানাতে গতকাল ব্র্যাক সেন্টারে আরও উপস্থিত ছিলেন মার্কিন চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক এ গফুর। মার্কিন তরুণ উদ্যোক্তাদের দলটিতে রয়েছেন জ্বালানি, ফ্যাশন, ব্যাংকিং, আসবাব প্রস্তুত এবং স্বাস্থ্য ও সৌন্দর্য খাতের কর্মরত ব্যক্তিরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজের ডিন জো ফুটে এবং একই কলেজের সহকারী অধ্যাপক এলেনি স্টেইন। বিজ্ঞপ্তি।