এক্সচেঞ্জের যন্ত্র নষ্ট, মাগুরায় দুই হাজার টেলিফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় দুই হাজার টেলিফোন পাঁচ দিন ধরে বিকল পড়ে আছে। স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জের নিয়ন্ত্রণ কক্ষের একটি যন্ত্র নষ্ট থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে দেশের ভেতরে ও বাইরে যোগাযোগ করতে না পেরে গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে তাঁরা হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারছেন না।বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মাগুরা কার্যালয়ের সহকারী বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ ভদ্র জানান, গত মঙ্গলবার হঠাৎ করে নিয়ন্ত্রণ কক্ষের (সুইচ রুম) রেক্টিফায়ার মডিউল নামের একটি যন্ত্র নষ্ট হয়ে যায়। এ কারণে দুই হাজার টেলিফোনের সংযোগ বিকল হয়ে যায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের যন্ত্র মেরামতের সুযোগ নেই। ফলে এটি ঢাকায় পাঠানো হয়েছে। যন্ত্রটি ঢাকা থেকে মেরামত হয়ে আসতে সপ্তাহ খানেক লাগবে।মাগুরায় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (আরই) আবদুর রাজ্জাক বলেন, বিদ্যুতের ব্যবস্থাপনা এখনো বিটিসিএলের টেলিফোনের ওপর নির্ভরশীল। অভিযোগ কেন্দ্রে গ্রাহকেরা টেলিফোনের মাধ্যমেই যোগাযোগ করেন। তা ছাড়া গ্রিড সাবস্টেশনের সঙ্গে যোগাযোগ ও লোড ম্যানেজমেন্ট টেলিফোনের মাধ্যমে করা হয়। এখন টেলিফোন বিকল থাকায় তাঁদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুক্তাদুর রহমান বলেন, হাসপাতালে জরুরি বিভাগে যোগাযোগের জন্য অধিকাংশ মানুষ বিটিসিএলের টেলিফোন নম্বরটি ব্যবহার করেন। জরুরি বিভাগে একটি মুঠোফোন আছে, তার পরও দীর্ঘদিন ব্যবহারের কারণে মানুষের কাছে বিটিসিএলের টেলিফোন নম্বরটি বেশি পরিচিত। ফলে টেলিফোন বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কেরামত আলী বলেন, মুঠোফোনের যুগ হলেও থানায় মানুষ এখনো বিটিসিএলের সংযোগ ব্যবহার করেন। তা ছাড়া উপজেলা পর্যায়সহ পুলিশের প্রতিবেদন আদান-প্রদানসহ সব কাজই হয় টেলিফোনের মাধ্যমে। টেলিফোন বিকল থাকায় এসব কাজ ব্যাহত হচ্ছে।মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আবদুল মালেক বলেন, ফায়ার সার্ভিসে সাধারণত মানুষ বিটিসিএলের টেলিফোন নম্বরেই যোগাযোগ করেন। টেলিফোনটি সচল না থাকায় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।মহমঞ্চদপুর উপজেলার নহাটা গ্রামের আনারুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে আমাদের পাশের বাড়িতে আগুন লাগে। আমার কাছে ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর ছিল। ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ পাইছি।’