এক্সিম ব্যাংক নীতি না মেনে রামপালে অর্থায়ন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল প্রকল্প নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। বাঁ দিক থেকে রয়েছেন সংগঠনের সদস্যসচিব ডা. আবদুল মতিন, অধ্যাপক এম এম আকাশ এবং সর্বডানে অধ্যাপক বদরুল ইমাম l ছবি: ফোকাস বাংলা
রামপাল প্রকল্প নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। বাঁ দিক থেকে রয়েছেন সংগঠনের সদস্যসচিব ডা. আবদুল মতিন, অধ্যাপক এম এম আকাশ এবং সর্বডানে অধ্যাপক বদরুল ইমাম l ছবি: ফোকাস বাংলা

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, ভারতের এক্সিম ব্যাংক রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অর্থায়নে কোনো নিয়মনীতি মানছে না। এই অর্থ এক্সিম ব্যাংক নিজেদের পকেট থেকে দিচ্ছে না, তা সেই দেশের জনগণের আমানত। আমানতকারীরা এই অর্থ সুন্দরবন ধ্বংসের জন্য ব্যাংকে রাখেননি।

গতকাল বুধবার সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন। রামপাল প্রকল্প বিষয়ে ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি, তা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সুলতানা কামাল বলেন, রামপাল নিয়ে সরকার দেশে-বিদেশে অসত্য তথ্য দিয়ে যাচ্ছে। ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে যে চুক্তি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না।

সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সাতজন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞের দুটি আন্তর্জাতিক মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম। এই বিশেষজ্ঞরা হলেন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় জ্বালানি বিশেষজ্ঞ ড. রনজিত শাহু, ড. ডেনিস লেমনিস, ড. উইলিয়াম ক্লেইনডেল, ড. জন ব্রাডি, সৌম্য দত্ত, ড. নরিস ও ড. ডোনা লিজনবি।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত জ্বালানি ও কয়লা বিশেষজ্ঞ রনজিত শাহু সামাজিক যোগাযোগমাধ্যম স্কাইপিতে যুক্ত হন। তিনি ৫০টি কয়লাবিদ্যুৎ প্রকল্পে তাঁর কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে পরিবেশের কোনো ক্ষতি হবে না—এ কথা যাঁরা বলেন, তাঁরা ভুল বলেন। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নীতিমালা আছে, তা-ও মানা হচ্ছে না। রামপাল প্রকল্পের দূষণ নিয়ন্ত্রণে যেসব যন্ত্র ও প্রযুক্তি ব্যবহৃত হবে, তা বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি নিম্নমানের প্রকল্প হতে যাচ্ছে। ভারত তার নিজ দেশেও এর চেয়ে উন্নত মানের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। কিন্তু দেশটি তার সুন্দরবনের মতো সংবেদনশীল জায়গার পাশে এ ধরনের কোনো প্রকল্পের অনুমোদন দিচ্ছে না।

রামপাল কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্পটি নিয়ে শুরু থেকেই পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি জানিয়ে আসছে। তারা বলছে, এই প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি হবে। জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সংস্থা ইউনেসকোও এই প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আসছে। তবে সরকার শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলছে, এই প্রকল্পের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, তাঁরা সঠিক তথ্যের ওপরে দাঁড়িয়ে এসব কথা বলছেন না।

রামপাল বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা বলেছে, প্রকল্পের সব তথ্য ও নথি তারা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করেছে। যে কারণে এসব তথ্য বিশ্লেষণ করে অনেকে মতামত দিতে পারছেন। সুন্দরবনের ক্ষতি না হওয়ার বিষয়টিও তারা স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করবে।

সংবাদ সম্মেলনে জ্বালানি বিশেষজ্ঞ বদরূল ইমাম বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে বলেন, ‘রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের যে ক্ষতি হবে, তা সরকারের কাছে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। বিশ্বের খ্যাতিমান সাতজন বিশেষজ্ঞ এই রামপাল প্রকল্পের সব নথি পর্যালোচনা করে দেখেছেন যে এর মাধ্যমে সুন্দরবনের ক্ষতি হবে। এসব বিজ্ঞানীর মতামত জানার পরও সরকার যদি বিজ্ঞান না বোঝে, তাহলে বিজ্ঞান কী, সেটা আমাদের বোঝাতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘এ প্রকল্পে বিদ্যুতের প্রতি ইউনিটের যে দাম ধরা হয়েছে, তা প্রকল্প শেষ হওয়ার পর তিন গুণ হবে। ফলে সুন্দরবন ধ্বংস করে বেশি দামে আমাদের বিদ্যুৎ কিনতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্যসচিব আবদুল মতিন ও সদস্য শরীফ জামিল।