এক্সিম ব্যাংকের প্রতিবাদ
২৪ মে ২০১৩ প্রথম আলোয় এক্সিম ব্যাংকের পাঁচ কোটি টাকা-সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এ কে এম নুরুল ফজল বুলবুল ২৫ মে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। প্রতিবাদপত্রে তিনি বলেন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রতিবেদককে রানা প্লাজার সঙ্গে ব্যাংকিং লেনদেনের সন্তোষজনক অবস্থা জানিয়ে উক্ত বন্ধকি সম্পত্তির বর্তমান বাজারমূল্য অনেক বেশি বলে জানিয়েছেন। তবু প্রতিবেদক তাঁর প্রতিবেদনে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ‘সায়ফুলের ব্যাংকঋণের বিষয়টি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানতেন এবং নজরুল ইসলাম মজুমদার সরকারের রানা প্লাজা ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে উল্লেখ করেছেন।’ প্রতিবেদকের এহেন উপস্থাপন নিঃসন্দেহে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক এবং সমাজ তথা ব্যাংকিং খাতে এক্সিম ব্যাংক ও তার সম্মানিত চেয়ারম্যানকে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াসমাত্র। সব বেসরকারি ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকও প্রতিবেদনে বিভ্রান্তিমূলকভাবে উল্লিখিত সরকারের রানা প্লাজা ত্রাণ তহবিলে নয়, বরং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে। এতে প্রতিবেদকের গাত্রদাহের কী কারণ? আমরা প্রতিবেদনের এহেন উপস্থাপনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং অতিসত্বর এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হচ্ছি। প্রতিবেদকের বক্তব্য: বন্ধকি সম্পত্তির দাম নিয়ে এমডির সঙ্গে প্রতিবেদকের কোনো কথা হয়নি। এক্সিম ব্যাংকের ২০০৮ সালের নথিতে রানা প্লাজার জমি ও নির্মাণাধীন দালানের দাম ১৩ কোটি ১১ লাখ টাকা উল্লেখ আছে। প্রতিবেদনে সে কারণে ১৩ কোটি টাকা বলা হয়েছে। এক্সিম ব্যাংকের এমডি বলেছেন, তাঁরা দালিলিকভাবে ১০ তলা নয়, ছয়তলার কথাই জানেন। তাই বন্ধকি সম্পত্তির দাম ছয়তলা না ১০ তলা ধরে বেশি দাবি করা হয়েছে, প্রতিবাদপত্রে তা নির্দিষ্ট করা হয়নি। দায়বদ্ধ থাকা সম্পত্তিতে ব্যাংকের অজ্ঞাতসারে ১০ তলা ভবন নির্মাণে ব্যাংকের ভূমিকা স্পষ্ট নয়।মূল নির্মাতা সায়ফুলের ব্যাংকঋণ এবং পাঁচ কোটি টাকার অনুদান-সংক্রান্ত তথ্য একই বাক্যে যুক্ত করা হয়নি। তাই মুদ্রিত বাক্যের সঙ্গে প্রতিবাদপত্রে উল্লিখিত বাক্যের মিল নেই। ছাপা হয়েছিল, ‘একটি সূত্র বলেছে, সায়ফুলের ব্যাংকঋণের বিষয়টি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানতেন। নজরুল ইসলাম মজুমদার সরকারের রানা প্লাজা ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন।’ দুটি আলাদা বাক্যে ‘এবং’ যুক্ত করে প্রতিবাদ করা বিস্ময়কর।