এক্সিম ব্যাংকের প্রতিবাদ এবং প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ৭ এপ্রিল প্রকাশিত ‘ব্যবসায়িক অংশীদারদের দেওয়া ঋণ শেয়ারবাজারে’ শীর্ষক প্রতিবেদনের একটি বাক্যের প্রতিবাদ করেছে বেসরকারি এক্সিম ব্যাংক।প্রতিবাদে বলা হয়, ‘প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এভাবে ঋণ দেওয়া একটি নজিরবিহীন ঘটনা এবং বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার নাম উল্লেখ না করে বলা হয় যে যদিও এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, তবু “মোটিভ” স্পষ্ট। এটা ব্যাংক কর্তৃপক্ষকে বিস্মিত করেছে।’ব্যাংক বলেছে, প্রতিবেদক একই ধরনের সংবাদ এর আগেও দুবার (২০১০ সালের ৩০ নভেম্বর ও ৫ ডিসেম্বর) প্রকাশ করেছেন। প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনটি থেকে ব্যাংকের কাছে প্রতীয়মান হয়েছে, প্রতিবেদক একটি বিশেষ মিশন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তথা ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।প্রতিবেদকের বক্তব্য: এর আগে দুটি (প্রতিবাদে উল্লিখিত দিনে) প্রতিবেদনে যথাক্রমে উল্লেখ করা হয়েছিল, ‘৩০ কোটি টাকার শিল্পঋণ চলে গেছে শেয়ারবাজারে’ ও ‘এক্সিম ব্যাংকের ৪২ কোটি টাকা শেয়ারবাজারে’। এগুলো তখন পর্যন্ত যথাক্রমে এক্সিম ব্যাংকের গুলশান ও মতিঝিল শাখার ওপর বাংলাদেশ ব্যাংকের পরিচালিত দুটি পৃথক পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সময়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ও ছয়টি শাখায় (ঢাকা ও চট্টগ্রাম) পরিদর্শন চালায়। তাতে ১৯৫ কোটি ১৫ লাখ টাকার ঋণ পুঁজিবাজারে স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনিয়মের জবাব চেয়েছে। চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার ১৭/২০০৩ নির্দেশনা লঙ্ঘিত হয়েছে।অন্যদিকে খেলাপি ঋণ থাকার পরও একটি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭ কক (৩) ধারা লঙ্ঘন হয়েছে বলেও বাংলাদেশ ব্যাংক চিঠিতে উল্লেখ করেছে। এক্সিম ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন ও সর্বশেষ দেওয়া চিঠিতে দেখা যায়, নজিরবিহীন ঘটনা ঘটেছে। হিসাব খোলার আগেই ঋণ মঞ্জুর তার বড় উদাহরণ।ফলে প্রতিবাদপত্রে মিশন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তথা ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার যে দাবি করা হয়েছে, তা অযৌক্তিক এবং ব্যাংক কর্তৃপক্ষের মনস্তাত্ত্বিক সমস্যা। সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করেই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং প্রতিবেদন-সংশ্লিষ্ট সব ধরনের প্রমাণাদি প্রথম আলোর সংরক্ষণে আছে।