এক্স-রে মেশিন পড়ে থাকলেও পাঠানো হলো আরেকটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনিশিয়ান না থাকায় একটি এক্স-রে মেশিন তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এরপরও আরেকটি এক্স-রে মেশিন গত বছরের মে মাসে পাঠানো হয়। এই মেশিনটি চালু না হলেও সেটি রক্ষণাবেক্ষণের জন্য লোক আসে। এমন চিত্রটি রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমপ্লেক্সে চিকিৎসক সংকট নেই। সেই সঙ্গে প্যাথলজিতে পরীক্ষা-নিরীক্ষাও হয়ে থাকে। কিন্তু এক্স-রে হয় না। গত বছরের মে মাসে নতুন এক্স-রে মেশিনটি চালু না হতেই তা সার্ভিসিং করতে ঢাকা থেকে লোকবল এসেছেন। তাঁরা যন্ত্র খুলে পরিষ্কারও করছেন।
এক্স-রে মেশিন সার্ভিসিং করতে আসা সহকারী প্রকৌশলী আব্দুর নূর সালাফি বলেন, ‘আমাদের দায়িত্ব যন্ত্র প্রদানের পর দুই বছর সার্ভিসিং করা। এরই ধারাবাহিকতায় যন্ত্রটির দেখভাল করতে এসেছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হরেন্দ্রনাথ গোস্বামী বলেন, ‘আগের একটি ভালো মেশিন চালানোর জন্য লোকবল নেই। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। এরপরও আরেকটি নতুন এক্স-রে মেশিন পাঠানো হয়। এখন আমি কী করতে পারি?’ রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোজাম্মেল হোসেন বলেন, এক্স-রে টেকনিশিয়ান ডেপুটেশনে থাকায় এ সমস্যা হয়েছে। তবে সমস্যা মোকাবিলায় উদ্যোগ নেওয়া হচ্ছে।