এক্স-রে মেশিন বিকল চার মাস, ভোগান্তি রোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি চার মাস ধরে বিকল। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বাস। এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৫ সালে এক্স-রে মেশিনটি দেয় স্বাস্থ্য বিভাগ। সেটি দিয়েই চলছিল চিকিৎসাসেবা। গত বছরের জুলাই মাসে এক্স-রে মেশিনটি প্রথম বিকল হলে তাৎক্ষণিকভাবে মেরামত করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু সেপ্টেম্বর মাসে আবার বিকল হয় মেশিনটি।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে দেড় শতাধিক রোগী ভিড় করে আছে। এদের ৪০ থেকে ৫০ জনকে অন্যান্য পরীক্ষার সঙ্গে এক্স-রে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি কক্ষে এক্স-রে মেশিনটি রয়েছে। অযত্নে ধুলাবালিতে ঢেকে আছে এটি।
জগন্নাথপুর গ্রাম থেকে আসা রোগী মানিক মিয়া বলেন, ‘মেশিন নষ্ট থাকায় হাসপাতালের বাইরে থেকে আমার হাতের এক্স-রে করাইতে হইছে। এতে ৪০০ টাকা লাগছে। হাসপাতালে এক্স-রেটা করাইতে পারলে অনেক কম টাকা লাগতো।’
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করাতে ৫৫ টাকা লাগে।
ছলিমাবাদ গ্রামের রুশিয়া বেগম বলেন, ‘বুকের এক্স-রে করান লাগছে। হাসপাতালে এক্স-রে অয়না। হের লাগি ৪০০ টেকা দিয়া বাইরে থেইক্কা করান লাগছে। ফের বাড়ি গিয়া টেকা জোগাড় কইরা আইনা কাম সারা লাগছে।’
মেডিকেল টেকনোলজিস্ট মোছলেহ উদ্দিন বলেন, গত বছরের জুলাই মাসে প্রথম এক্স-রে মেশিনটি বিকল হয়। মেরামতের পর কিছুদিন চলে আবার সেপ্টেম্বরে বিকল হয়ে যায় মেশিনটি। তার পর থেকে ওই অবস্থাতেই আছে মেশিনটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স বিভাগ থেকে গত মাসে (ডিসেম্বর) লোকজন এসে এক্স-রে মেশিনের কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সেগুলো এ মাসেই বদলে দেওয়ার কথা। রোগীদের ভোগান্তির কথা জানিয়ে এক্স-রে মেশিনটি দ্রুত মেরামত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিয়েছি। তিনি আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন বসানো হবে বলে গত অক্টোবরে মন্ত্রণালয় থেকে আমাদের একটি চিঠি দেওয়া হয়েছে।’
ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স বিভাগের সহকারী প্রকৌশলী ইউছুফ হোসেন বলেন, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটির মতো দেশে ৩০০ মেশিন রয়েছে। সেগুলোর বেশির ভাগেরই অবস্থা খারাপ। পুরোনো মডেল হওয়ায় এগুলোর যন্ত্রাংশ দেশে পাওয়া দুষ্কর। তবে বাঞ্ছারামপুরের মেশিনটি শিগগিরই মেরামত করা হবে।