এক্স-রে যন্ত্রিট নষ্ট ৩৪ মাস
যান্ত্রিক ত্রুটির কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি গত ৩৪ মাস ধরে বিকল। ফলে এখানে চিকিৎসা নিতে আসা লোকজনকে অতিরিক্ত টাকা দিয়ে বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার জনসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। স্বাস্থ্য বিভাগ ২০০৯ সালে এক্স-রে যন্ত্রটি স্বাস্থ্য কমপ্লেক্সকে বরাদ্দ দেয়। কিন্তু ২০১২ সালের ১৭ মার্চ এটি বিকল হয়ে যায়। এটি মেরামতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পুটিয়া গ্রামের আক্তার হোসেন (৪০) ও পেন্নাই গ্রামের ইয়াছিন (১৫) গত শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নিতে। দুজনই বুকে আঘাত পান। কিন্তু হাসপাতালের এক্স-রে যন্ত্রটি বিকল থাকায় দুজনকে এক কিলোমিটার দূরে গৌরীপুর বাজারের একটি বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করাতে হয়। এতে কয়েকগুণ টাকা বেশি লাগার পাশাপাশি ভাঙা রাস্তা দিয়ে আহত ওই দুজনের যাতায়াতে কষ্টও কয়েকগুণ বাড়ে।
স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় প্রায়ই দুর্ঘটনায় আহত রোগী আসেন। এখানে এক্স-রে করাতে না পেরে চিকিৎসা শুরু করতেই অনেক সময় লেগে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী শামীম হোসেন বলেন, ‘যন্ত্রটি দীর্ঘদিন ধরে বিকল থাকায় মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীরা নিয়মিত বিড়ম্বনা পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।’