প্রয়োজনীয়সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসা কর্মকর্তা ও সেবিকা না থাকায় শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অবেদনবিদ না থাকায় শুরু থেকেই এখানে কোনো অস্ত্রোপচার হয় না। এতে প্রসূতিসহ অন্য রোগীদের জেলা শহর ও বেসরকারি হাসপাতালে গিয়ে বেশি টাকা খরচ করে অস্ত্রোপচার করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ২৩টি পদের মধ্যে কাগজে-কলমে ১৫ জন আছেন। চারটি জুনিয়র কনসালট্যান্ট পদের মধ্যে মাত্র একজন কর্মরত আছেন, অবেদনবিদ নায়লা হাসানসহ দুজন প্রেষণে জেলা সদর হাসপাতালে কাজ করছেন। আরএমও জিয়াউল হক প্রেষণে ঢাকার কেন্দ্রীয় ওষুধ ভান্ডারে (সিএমএসডি) রয়েছেন। সহকারী সার্জন ও চিকিৎসা কর্মকর্তা পদের দুই চিকিৎসক প্রেষণে কিশোরগঞ্জ হাসপাতালে আছেন। চিকিৎসা কর্মকর্তা প্রত্যয় হাসান দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সহকারী সার্জন বিলকিস সুলতানা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। প্রকৃতপক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালটিতে আটজন চিকিৎসক কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বর্তমানে ৫০ শয্যার হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ এবং জরুরি বিভাগে ১০০ থেকে ১৫০ রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় রোগীরা ভোগান্তিতে পড়েন।
এই প্রতিবেদক গত বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে বহির্বিভাগে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনিসুর রহমানসহ তিনজন চিকিৎসা কর্মকর্তার কক্ষ বন্ধ দেখতে পান।
তখন টাঙ্গারপাড়া গ্রামের আরিফুল ইসলাম বলেন, ঘাড়ের খিঁচুনির সমস্যা নিয়ে তাঁর মা সালেমা বেগমকে হাসপাতালে এনেছেন। কিন্তু চিকিৎসক না থাকায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন।
ভেলুয়া গ্রামের নিলুফা বেগম বলেন, গলাব্যথা, কাশি ও জ্বর নিয়ে সকাল ১০টায় হাসপাতালে এসেছেন। দুই ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তার দেখাতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও অস্ত্রোপচারকক্ষে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় প্রসূতিদের অস্ত্রোপচার হয় না। ফলে গরিব রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র (ক্লিনিক) অথবা জেলা সদর হাসপাতালে যেতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র আরও জানায়, অন্তর্বিভাগে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকেন। কিন্তু পরিচ্ছন্নতাকর্মীর চারটি পদের বিপরীতে মাত্র একজন থাকায় অন্তর্বিভাগের শৌচাগারগুলো খুবই নোংরা থাকে। এ ছাড়া রোগীদের খাবারও নিম্নমানের। এখানে ১০টি সেবিকার (নার্স) পদের বিপরীতে মাত্র পাঁচজন কর্মরত আছেন। পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এটি বাস্তবায়িত হলে শ্রীবরদীবাসী এই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসাসেবা পাবেন।