
মাসে একটি করে বৈঠক করার কথা। পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গত এক বছরে মাত্র দুটি বৈঠক করেছে। শ্রম ও কর্মসংস্থান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি বৈঠক করেছে তিনটি করে।
মাত্র দুটি কমিটি ছাড়া কোনোটিই নিয়মিত বৈঠক করে না। জাতীয় সংসদের কর্মকাণ্ড পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আজ ২৯ জানুয়ারি তিন বছর পূর্ণ করছে দশম জাতীয় সংসদ।
সংসদের কার্যপ্রণালিবিধি অনুযায়ী, কমিটির দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করা, মন্ত্রণালয়ের অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা এবং বিল পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করা। কোনো কারণে কমিটির বৈঠক আহ্বান করা সম্ভব না হলে স্পিকার কমিটির সচিবকে বৈঠক আহ্বানের নির্দেশ দিতে পারবেন।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মাসে একটি করে বৈঠকের বদলে কোনো কমিটি যদি সারা বছরে দুটি বা চারটি বৈঠক করে, সেটাকে সন্তোষজনক বলা যাবে না। এ বিষয়ে আমি কমিটির সভাপতিদের সঙ্গে আলোচনা করব।’
এক-তৃতীয়াংশ কমিটি নিষ্ক্রিয়
দশম জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি এবং বিষয় বা প্রতিষ্ঠানভিত্তিক ১১টি স্থায়ী কমিটি আছে। হিসাব অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কমিটির কমপক্ষে ৩৩টি বৈঠক হওয়ার কথা। কিন্তু নৌপরিবহন কমিটি ৩৬টি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক কমিটি ৩৩টি বৈঠক করে নিয়মের মধ্যে থেকেছে। মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বাইরে সর্বাধিক ৬২টি বৈঠক করেছে সরকারি হিসাব-সম্পর্কিত কমিটি।
তিন বছরের হিসাবে দেখা যায়, মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিগুলোর ক্ষেত্রে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, শিল্প ও রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটি গত এক বছরে মাত্র চারটি করে, সংস্কৃতি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটি পাঁচটি, স্বাস্থ্য ও গণপূর্ত ছয়টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা সাতটি বৈঠক করতে পেরেছে। গড়ে দুই মাসেও একটি বৈঠক করতে পারেনি (১৬টির কম বৈঠক) এমন কমিটির সংখ্যা ১৭, অর্থাৎ এক-তৃতীয়াংশ।
অন্য কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ১৩টি, সংসদীয় কমিটি ১০, বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব কমিটি ৪, পিটিশন ১, লাইব্রেরি ৭, সরকারি প্রতিষ্ঠান ৩০, অনুমিত হিসাব ৭ ও সরকারি প্রতিশ্রুতি ২৭টি বৈঠক করেছে। বিশেষ অধিকার ও কার্যপ্রণালিবিধি-সম্পর্কিত কমিটির কোনো বৈঠক হয়নি। তবে এসব কমিটির বৈঠক অনেকাংশেই যথাযথ নোটিশের ওপর নির্ভর করে।
এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি দীপু মনি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে তাঁদের পাওয়া যায়নি।
গুরুত্বপূর্ণ সুপারিশের বাস্তবায়ন নেই
পর্যালোচনায় দেখা যায়, মন্ত্রণালয়গুলো বিভিন্ন কমিটির ৬০ ভাগের মতো সুপারিশ বাস্তবায়ন করেছে। তবে এসবের বেশির ভাগই অগুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন করা হয় না। গত বছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সরকারি প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয় ও অনুমিত হিসাব-সম্পর্কিত কমিটি বেশ কয়েকটি বৈঠক করেছে। বৈঠকে তারা একাধিকবার মন্ত্রণালয়ের কাছে রিজার্ভের টাকা চুরি-সম্পর্কিত তদন্ত প্রতিবেদন চেয়েছে। কিন্তু মন্ত্রণালয় তা এখনো দেয়নি। এই তিনটি কমিটি সরকারি ব্যাংকের আর্থিক অনিয়ম নিয়ে বেশ কয়েকটি বৈঠক করে এবং এ বিষয়ে তারা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা চায়। কিন্তু দুর্নীতি দমন কমিশন কমিটিকে সহযোগিতা করেনি। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি একাধিকবার ক্ষোভ প্রকাশ করে।
এ বিষয়ে জানতে চাইলে টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, কমিটির কাজ হলো সরকারের অনিয়ম-দুর্নীতি তদন্ত করে সে বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা। বিশ্বের সব দেশেই অনিয়ম-দুর্নীতি আছে। বাংলাদেশেও আছে। কমিটি যদি সেটা তুলে ধরতে ব্যর্থ হয়,তাহলে তারা জনগণের প্রতিনিধি কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ধরে নিলাম দেশে কোনো দুর্নীতি নেই, সেটা জানানোর জন্য হলেও তো মাসে অন্তত একটা বৈঠক করা যায়।
সফরে উন্মুখ কমিটি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছর স্পিকারকে লেখা এক চিঠিতে বলেছেন, মন্ত্রণালয়ের টাকায় সংসদীয় কমিটির বিদেশ সফরের কারণে সরকারের আর্থিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তার আগ পর্যন্ত ১৫টি কমিটির শতাধিক সদস্য ২৪ বার বিদেশ সফর করেছেন। বিদেশ সফরের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘শিক্ষা সফর’। তবে বেশির ভাগ কমিটি বিদেশ সফর করে কী শিক্ষা অর্জন করেছে, সে বিষয়ে সংসদে কোনো প্রতিবেদন দেয়নি। এ নিয়ে ২৫ আগস্ট প্রথম আলোতে ‘মন্ত্রণালয়ের টাকায় ১৫ সংসদীয় কমিটির বিদেশ সফর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কমিটির বিদেশ সফর আপাতত বন্ধ রয়েছে।
অর্থ মন্ত্রণালয় কমিটির বিদেশ সফরের জন্য সংসদের অনুকূলে আলাদা বরাদ্দ দেওয়ার বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও সফর বন্ধ থাকায় কমিটিগুলো অসন্তুষ্ট। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি খেপে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরের নথি তলব করেছে। তবে সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের কারও কারও মতে, এ দুটি কমিটি খেপে গিয়ে হলেও ভালো কাজ করেছে।
প্লট চাই সাংসদদের
বর্তমান সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, অতীতে রাজউকের মাধ্যমে প্লট বিতরণ করার সিদ্ধান্ত ভুল ছিল। ভবিষ্যতে আর প্লট বিতরণের কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না। তা সত্ত্বে দেড় শতাধিক নতুন সাংসদ তিন বছর ধরে কবে তাঁদের প্লট দেওয়া হবে, তা নিয়ে মন্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করে চলেছেন। তবে ইতিমধ্যে সরকারিভাবে প্লট পেয়ে যাওয়া সাংসদেরা এ বিষয়ে চুপ।
সংসদে গত ১৩টি অধিবেশনে সাংসদ সাবিনা আক্তার, গাজী ম ম আমজাদ হোসেন, সেলিনা বেগমসহ আরও অনেকে কবে প্লট দেওয়া হবে জানতে চেয়ে একাধিকবার প্রশ্ন করেছেন। গত ৫ সেপ্টেম্বর সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের সাংসদ সাবিনা আক্তার মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা কেন বঞ্চিত? আমাদের কেন প্লট দেওয়া হচ্ছে না? কবে আপনি জোর গলায় আমাদের প্লট দেওয়ার ঘোষণা দেবেন? আমরা আপনাকে ফুলের মালা দেব।’
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ একাধিকবার আক্ষেপ করে বলেছেন, গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তাঁকে ও তাঁর ছেলেকে প্লট বরাদ্দ দেওয়া হয়নি।
অবশ্য প্রতিবারই গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন জবাবে বলেছেন, সরকার কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ করে নতুন প্রকল্প গ্রহণ করবে। এরপর নতুন সাংসদদের অগ্রাধিকার ভিত্তিতে বিধি মোতাবেক ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও নতুন সাংসদদের প্লট দেওয়ার অনুরোধ করে সংসদে একাধিকবার বক্তব্য দিয়েছেন। সর্বশেষ গত বছরের ৮ ডিসেম্বর ত্রয়োদশ অধিবেশনের সমাপনী দিনে তিনি প্লট দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার কেন প্লট লাগবে? আমিও তো প্লট নিইনি। দরকার হলে গ্রামে গিয়ে থাকব। সরকারি প্লট কেন নেব?’
গত বাজেট অধিবেশনে সরকারি দলের ইউনুস আলী সরকার সাংসদদের জন্য ঈদ বোনাসও দাবি করেন।
সাংসদদের এ দাবি সম্পর্কে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাংসদদের প্লট দেওয়া না-দেওয়াটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু বোনাস কেন দাবি করা হবে? তাঁরা তো সরকারি কর্মচারী নন।