এখতিয়ারবহির্ভূত কাজই র্যাবকে বিতর্কিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশকে অনেক ক্ষেত্রেই কাজ করতে দেওয়া হচ্ছে না। আবার পুলিশের কাজ করছে র‌্যাব। সংস্থাটি তাদের এখতিয়ারের বাইরে গিয়েও কাজ করছে। এটিই র‌্যাবকে বিতর্কিত করেছে।
আর এ ক্ষেত্রে সমস্যা তৈরি করেছেন রাজনীতিকেরাই। কারণ, পুলিশ ও র‌্যাবকে তাঁরা নিজেদের কাজে ব্যবহার করছেন। রাজনীতিকদের হস্তক্ষেপমুক্ত হয়ে কাজ করতে না দিলে এসব বাহিনীর সংস্কার করা হলেও তারা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।
‘আইনের শাসন, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। আলোচনায় উঠে আসে র্যাব বাতিলের সাম্প্রতিক দাবিও। তবে বেশির ভাগ বক্তারই মত, র‌্যাবকে বাতিল নয়, এর সংস্কার প্রয়োজন।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার এ বৈঠকের আয়োজন করে বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইসিএলডিএস)।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, যার কাজ তাকে তা করতে দেওয়া হচ্ছে না। এ কারণেই সমস্যা হচ্ছে। পুলিশ অবশ্যই কাজ করতে পারে। কিন্তু পুলিশকে অকার্যকর করে রাখা হয়েছে। স্থানীয় সাংসদ হয়ে গেছেন পুলিশের কর্তৃপক্ষ (অথোরিটি)। তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্ত করার পক্ষে আমি নই। আমি একে সংস্কার করার পক্ষে। তবে সংস্কার হতে হবে অর্থবহ।’
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা বলেন, র্যাবকে দিয়ে যেসব কাজ করানো হচ্ছে, সেগুলো পুলিশকে দিয়েও করানো সম্ভব। কিন্তু এ জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
আরেক সাবেক আইজিপি এনামুল হক র‌্যাবকে উদ্দেশ করে বলেন, ‘দায়মুক্তি বেশি দেওয়া ভালো না। বারবার দায়মুক্তি দিতে থাকলে একসময় আপনি নিজেও তাদের দ্বারা আক্রান্ত হতে পারেন।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, একটা দেশ কোন অবস্থায় গেলে পত্রিকার প্রথম ও শেষ পৃষ্ঠার সব খবরই হয় সন্ত্রাস নিয়ে। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে র্যাবকে দেখলে আমরা খুশি হতাম। কারণ, যে সন্ত্রাসীকে পুলিশ ধরতে পারত না, ধরলেও বিচার হতো না, তাদের র‌্যাব ক্রসফায়ারে মেরে ফেলছে। কিন্তু এখন মানুষ র্যাবকে ভয় পায়।’
বৈঠকে আইসিএলডিএসের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, তথ্য কমিশনার সাদেকা হালিম, সাংবাদিক শ্যামল দত্ত, তৌফিক ইমরোজ খালেদী, মোজাম্মেল বাবু, নঈম নিজাম প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সহসভাপতি তানিয়া আমীর।