এখন অসুস্থ রোহিঙ্গারা বেশি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মোট ১৪২ রোহিঙ্গা চিকিৎসা নিতে এসেছে। এদের দুই-তৃতীয়াংশই গুলিবিদ্ধ। ৫১ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছে। মারা গেছে ৪ জন। ৫ জন চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছে। বর্তমানে ৮২ জন চিকিৎসাধীন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন অস্থায়ী শিবির থেকে গত তিন দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে সাত রোহিঙ্গা। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। বাকিরা জ্বর, পেট ব্যথা, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছে। গুলিবিদ্ধ কিংবা সহিংসতায় আহত রোহিঙ্গাদের সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে।

চিকিৎসকেরা বলছেন, নতুন করে যেসব রোহিঙ্গা হাসপাতালে এসেছে, তাদের জটিল কোনো রোগ নেই। হেঁটে দীর্ঘ সীমান্ত পাড়ি দেওয়ার ক্লান্তি, দুশ্চিন্তা, নোংরা পানি খাওয়া, খাওয়ায় অনিয়ম, সড়ক দুর্ঘটনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা এখন বেশি।

গত বৃহস্পতিবার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে পালিয়ে আসা কৃষক নবী হোসেন (৫০)। এ মাসের শুরুতে সীমান্ত পাড়ি দিয়ে স্ত্রী ও পাঁচ ছেলেকে নিয়ে বাংলাদেশে ঢোকেন তিনি। প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেন, সেখান থেকে তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়। পেটের ব্যথায় ভুগতে থাকা নবী হোসেনের এই সমস্যা নতুন নয়। তিনি বলেন, প্রায় এক বছর ধরে পেটের ব্যথায় ভুগছেন তিনি। ওষুধ খেয়েছেন ওখানে। কাজ হয়নি। এবার পেটের ব্যথা ভালো হবে এমন আশা তাঁর।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মোট ১৪২ রোহিঙ্গা চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে ৫১ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছে। মারা গেছে ৪ জন। ৫ জন চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছে। বর্তমানে ৮২ জন চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের দুই-তৃতীয়াংশই গুলিবিদ্ধ।

ডান পায়ে গুলি নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৩)। এর আগের দিন বৃহস্পতিবার ৫ জন ও বুধবার ২ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়। এই সাতজনের মধ্যে গুলিবিদ্ধ কেউ ছিল না।

মংড়ুর বাসিন্দা সাদেক প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর গুলিতে তিনি আহত হন। আহত হওয়ার পাঁচ দিন পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে ঢোকেন। সাদেক প্রথমে কক্সবাজারে চিকিৎসা নেন, পরে তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়।

বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয় ১২ বছরের মাহমুদুল হাসান। শিশুটির বুকে ব্যথা। মা জাহেদা বেগম বলেন, আগেও মাহমুদুলের বুকে ব্যথা ছিল। সেদিন ইয়াছিন আরা (১২) নামের আরেক শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। শিশুটি পরিবারের সঙ্গে বাংলাদেশে ঢোকার পর টমটম গাড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক অজয় কুমার দে প্রথম আলোকে বলেন, এখন যেসব রোগী আসছে, তাদের মধ্যে কয়েকটি শিশু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গুলিবিদ্ধ রোহিঙ্গারা ছাড়া অন্যদের শারীরিক অবস্থা তেমন গুরুতর কিছু নয়।