পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় মো. কামাল জড়িত কি না, সে বিষয়ে গত দুই দিনেও গোয়েন্দা পুলিশ (ডিবি) নিশ্চিত হতে পারেনি। তারা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। গতকাল শনিবার পুরান ঢাকায় কামালের বাসা থেকে তাঁর ব্যবহৃত একটি পাঞ্জাবি জব্দ করেছে ডিবি।
নারী লাঞ্ছনার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ডিবি গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার খাঁজে দেওয়ান প্রথম লেনের নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে। একই সঙ্গে মামলাটি পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করা হয়। নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করে, কামাল তাঁদের একজন বলে ডিবি দাবি করেছিল। কিন্তু গতকাল পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি ডিবি।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কামাল ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা জানালেও নারী লাঞ্ছনায় জড়িত থাকার কথা অস্বীকার করছেন। তা ছাড়া তিনি পুলিশের প্রকাশ করা অন্য সাতজনের ছবিও চেনেন না বলে দাবি করছেন। এ অবস্থায় গতকাল তাঁর দুই দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ রোববার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।
গতকাল বিকেলে কামালের বাসায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। তাঁরা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ডিবি পুলিশ কামালকে সঙ্গে নিয়ে তাঁদের বাসায় যায়। এ সময় দীপক কুমার দাস নিজেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য কামালকে এনেছি।’ ওই পুলিশ কর্মকর্তা তাঁর নাম ও মোবাইল ফোন নম্বর লিখে দেন কামালের বোন সাহিদা বেগমের কাছে।
কামালের বোন সাহিদা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা তদন্তকারী কর্মকর্তাকে বলেছেন, কামাল ডায়াবেটিস ও মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। ১০ জানুয়ারি তাঁকে চিকিৎসক দেখানো হয়েছে। তখন ডিবির কর্মকর্তা কামালের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখতে চান। এ সময় ডিবির ওই কর্মকর্তা কামালকে ওষুধ কিনে দেওয়ার কথা জানিয়ে বলেন, প্রয়োজনে তাঁকে চিকিৎসক দেখানো হবে। একপর্যায়ে তাঁরা পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান, কামাল নির্দোষ, তাঁকে কেন ধরে নেওয়া হয়েছে। এর জবাবে ডিবির কর্মকর্তা বলেন, ধরা হয়ে গেছে। কী আর করার। রোববার (আজ) কামালকে আদালতে পাঠানো হবে। জামিনের আবেদন করতে পারেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখে কামাল সাদা পাঞ্জাবি পরে টিএসসির বর্ষবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই পাঞ্জাবি জব্দ করতে কামালকে তাঁর বাসায় নেওয়া হয়েছিল।
গত বছরের পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।