
জঙ্গি দমনে সবার সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ জন্য জনগণকে চোখ-কান খোলা রাখতে বলেছেন তিনি। এ লড়াইয়ে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই যুদ্ধে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বুধবার সকালে আয়োজিত এক মতবিনিময় সভায় ইনু এসব কথা বলেন। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনবিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বেতার। অনুষ্ঠানে অতিথিদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হবে। এই কমিটি ও প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যদি জঙ্গিবাদকে আশ্রয় না দিত, তাহলে অনেক আগেই দেশ থেকে জঙ্গি উচ্ছেদ সম্ভব হতো। তিনি বলেন, যারা জঙ্গিদের আশ্রয় দেয়, তাদের আগে ধ্বংস করতে হবে। জঙ্গিদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক জঙ্গি আদলে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা সাহায্য করছে, তাদেরও ধ্বংস করতে হবে। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কার্যক্রম বরদাশত করা হবে না। জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে। তিনি বলেন, ‘জঙ্গিবাদ আইনশৃঙ্খলার সমস্যা নয়। এটি নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা। কাজেই এই সমস্যাকে সামাজিকভাবে মোকাবিলা করতে হবে।’
জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে, উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, ‘জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।’
জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যারা পুলিশের সমালোচনা করেন, তাঁদের সমালোচনা করেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘বিড়ালের কাজ ইঁদুর ধরা। কীভাবে ধরা হলো, সামনে না পেছনে, সেসব নিয়ে আলোচনা না করে দেখেন ঠিক ইঁদুর ধরা হলো কি না।’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, জামায়াত-শিবির এবং তাদের ইসলামের ভুল ব্যাখ্যার কারণেই জঙ্গিবাদ। সারা দেশে এদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘বর্তমান পরিস্থিতি সাংবাদিকদের জন্যও নতুন। কাজেই কী লিখব, কী লিখব না সেটি ভাবতে হবে। সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে।’ একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, ‘হিন্দি ও ইংরেজি সংস্কৃতি মাথা থেকে বাংলা সংস্কৃতি দূরে সরিয়ে দিয়েছে। এরপর আরব সংস্কৃতি আসছে। সমস্যা সমাধানে সর্বত্র বাংলা সংস্কৃতি চালু করতে হবে।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদ ছড়াচ্ছে। কাজেই ছেলেমেয়েরা কী করছে, কোন সাইট দেখছে, সেটি খোঁজ রাখতে হবে। বেলা একটায় এই মতবিনিময় সভা শেষ হয়।