‘এখন আর কৃষককে সারের পেছনে ছুটতে হয় না, সার কৃষকের পেছনে ছোটে।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী শহরের গাছবাড়ি এলাকায় বাংলাদেশ ফার্টি-লাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) জেলা শাখার নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন কৃষকদের সারের পেছনে ছুটতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হতে হয়েছে। আমরা তখন বিরোধী দলে, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায়। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এই অবস্থায় পৌঁছেছে। এখন শুধু উৎপাদনই নয়, সারের মানেরও উন্নতি হয়েছে।’ এ সময় কৃষি এবং কৃষকের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।
নবনির্মিত বিএফএ ভবনের সভাকক্ষে বিএফএর জেলা সভাপতি আবদুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা বিএফএর সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ।
এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলসহ গোটা দেশে উন্নয়ন হয়েছে। অন্যান্য উন্নয়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়ন ঘটেছে। শেখ হাসিনার প্রতিষ্ঠিত নীলফামারীর উত্তরা ইপিজেডে এখন ২৬ হাজার মানুষ কাজ পেয়েছে; যার ৮০ শতাংশের বেশি এই অঞ্চলের মানুষ। আগামী দুই বছরের মধ্যে সেখানে ৩৫ হাজার মানুষ কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি এই দুটির কোনোটি বিশ্বাস করে না।’ এর আগে মন্ত্রী ফিতা কেটে নবনির্মিত বিএফএ ভবনে প্রবেশ করেন এবং ফলক উন্মোচন করেন।
জেলা বিএফএর সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, বিএফএ নীলফামারী জেলা শাখার নিজস্ব অর্থায়নে ৩৩ লাখ টাকা ব্যয়ে গত বছরের ২৪ এপ্রিল ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়। সম্প্রতি এর কাজ শেষ হয়।