এখন কে বলবে মা তুমি কেমন আছ?

‘এখন কে ফোন করে বলবে মা তুমি কেমন আছ? কী করছ? বেশি পরিশ্রম কোরো না। আমার প্লেনে চাকরি হলে যখন-তখন তোমাকে দেখতে যেতে পারব। সব সময় আমিও ছেলের ফোনের অপেক্ষা করতাম আর ছেলেও আমার ফোনের অপেক্ষা করত। এখন আর অপেক্ষা করতে হবে না।’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি মেধাবী ছাত্র এম হাসান রহমান বাঁধনের মা হোসনে আরা বেগম। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা হয় বাঁধনের।
যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে শনিবার রাতে বাংলাদেশি তরুণ মেধাবী ছাত্র এম হাসান রহমান বাঁধনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। উচিটা পুলিশ সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এ খবর নিশ্চিত করেছে। পুলিশ বলছে, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের এক যুবকের লাশ পাওয়া গেছে।
এম হাসান রহমান বাঁধন গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া সেতু রোডে এলাকার বাসিন্দা প্রকৌশলী মজিবুর রহমানের ছেলে। মা-বাবার একমাত্র ছেলে ২০১১ সালে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রে যান। ছোট মেয়ে মারজানা রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) পড়ছেন।
মজিবুর রহমান আবেদ হাউজিং লিমিটেডে প্রকৌশলী এবং মা হাসনে আরা বেগম বিডিবিএল ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা। তাঁদের পৈতৃক বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়িতে।
হাসনে আরা বেগম বলেন, গত বৃহস্পতিবার হাসান ফোন করেছিল। এ সময়ে ফোনের নানা বিষয় নিয়ে প্রায় ৩১ মিনিট কথা হয়। হঠাৎ ফোনটি কেটে যায়। এরপর তিনি তার ছেলেকে ফের ফোন করেন। তখন আবার তাঁদের মধ্যে ২৮ মিনিট কথা বলে ফোন রেখে দেন। সেই ৫৯ মিনিটই ছিল মা-ছেলের মধ্যে শেষ কথা। আবার শনিবার যখন ছেলেকে ফোন দেন তখন আর পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে বারবার চেষ্টা করেও হতাশ হয়েছেন। পরে তিনি ছেলের বন্ধু একই সঙ্গে লেখাপড়া করে মো. নাঈমকে ফোন করলে সে-ও ফোন ধরছিল না। গত রোববার তাঁদের এক আত্মীয় ঢাকার বাসায় ডেকে নিয়ে তাঁর মৃত্যুর সংবাদ দেন।
মার্কিন পুলিশ জানায়, এম হাসান রহমান পিৎজা ডেলিভারির কাজ করতেন। এদিন রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে পিৎজা সেন্টারে না পৌঁছানোয় কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। রোববার বেলা ১১টায় পুলিশ ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে গাড়ির ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে গুলি করার পর গাড়ির ট্যাংকে ফেলে পালিয়ে যায়। পুলিশ নিশ্চিত করেছেন, গাড়িটি তাঁর (বাঁধন)। এ ব্যাপারে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে।
গত সোমবার ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর বাঁধনের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।
এদিকে এম হাসান রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উচিটা শহরে বাঙালি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে এ খবর জানতে ভিড় জমায় ডাউন-টাউন কোট প্রাঙ্গণে। বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। আগামী ডিসেম্বরে তাঁর ভর্তি হওয়ার কথা ছিল।
আমেরিকায় পড়ালেখা করতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছেন না এম হাসান রহমানের সতীর্থরা। ছোটবেলার বন্ধু নাঈম জানান, হাসান দুই মাস ধরে পিৎজা ডেলিভারির কাজ করেছিলেন। প্রতিদিন সাড়ে ১২টার মধ্যে ঘরে ফিরে আসতেন। কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত সে ঘরে না ফেরায় খুঁজতে রাত তিনটা পর্যন্ত বিভিন্ন হসপিটালের ইমার্জেন্সিতে খোঁজ নিই আমি (নাঈম)। পরে পুলিশ নিশ্চিত করে, ‘তুমি যাকে খুঁজছ, তাঁর ডেড বডি আমরা উদ্ধার করেছি।’ বন্ধুদের কথা দিয়েছিল, থ্যাংকস গিভিংডেতে নিজে রান্না করে খাওয়াবে। বড় সাইজের মুরগিও কিনে এনে সব আয়োজন ঠিক করে রেখেছিলেন। কিন্তু নিয়তি সবার কাছ থেকে বাঁধনকে ছিনিয়ে নিয়ে গেল। উচিটা শহরে এখন যেন বোবা কান্না! বাঙালি কমিউনিটিতে এম হাসান রহমান ছিল অনন্য এক প্রতিভা। যেকোনো অনুষ্ঠান তিনি জমিয়ে তুলতেন। যেন সবাইকে চোখের জলে ভাসিয়ে দিয়ে চলে গেল না-ফেরার দেশে।