এখন খামারিদের কাছ থেকে দুধ মিলছে না
দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা পাবনা-সিরাজগঞ্জের খামারিরা মাস দেড়েক আগেও খামারের দুধ বিক্রির জন্য দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোতে ধরনা দিয়েছেন। কিন্তু রমজান মাস, বিশেষ করে ঈদ সামনে রেখে পাল্টে গেছে দৃশ্য। এখন প্রতিষ্ঠানগুলোই উল্টো খামারিদের কাছে দুধের জন্য ধরনা দিয়েও চাহিদামাফিক দুধ পাচ্ছে না। খামারিরা জানান, গো-খাদ্যের দাম ব্যাপক বেড়ে যাওয়ায় দুধের উৎপাদন খরচ বেড়ে গেছে। কিন্তু প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দুধের সংগ্রহ মূল্য বাড়ায়নি। অথচ রমজান মাস উপলক্ষে স্থানীয় বাজার ও ছানা তৈরির কারখানাগুলোতে এখন ভালো দাম পাওয়া যাচ্ছে। এ কারণে অনেক খামারিই প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে দুধ সরবরাহ কমিয়ে দিয়ে স্থানীয় ছানার কারখানাসহ খোলা বাজারে দুধ বিক্রি করতে আগ্রহী হয়ে উঠেছেন।জানা যায়, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে ওঠা দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চলে লক্ষাধিক গরুর খামার রয়েছে। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ অঞ্চল থেকে মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় তিন লাখ লিটার তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিলেই এ এলাকার দুগ্ধশিল্পে নেমে আসে বিপর্যয়। মাস দেড়েক আগেও খামারিরা উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে সমস্যায় ছিলেন। কিন্তু রমজান মাসে দুধের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর কাছে খামারিদের কদর বেড়ে গেছে। কিন্তু চাহিদা বাড়লেও প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে প্রয়োজনীয় দুধ তো পাচ্ছেই না, বরং আগের চেয়ে তাদের সংগ্রহের পরিমাণ কমে প্রায় অর্ধেকে এসে দাঁড়িয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানায় মাস দুয়েক আগেও প্রতিদিন দেড় লাখ লিটারেরও বেশি দুধ সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে এর পরিমাণ প্রায় ৯৭ হাজার লিটারে এসে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করা হলেও মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার একাধিক কর্মকর্তা এ ব্যাপারে ব্যাখ্যা দিতে চাননি।প্রাণ ডেইরির পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শরীফউদ্দিন তরফদার বলেন, দেড়-দুই মাস আগে এ অঞ্চল থেকে তাঁরা প্রতিদিন এক লাখ ১০ হাজার লিটারের মতো দুধ সংগ্রহ করতেন। কিন্তু রমজান মাসের শুরু থেকে সংগ্রহের পরিমাণ কমতে কমতে বর্তমানে ৫০ হাজার লিটারে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, চাহিদা থাকলেও কোনো ঈদের সামনেই খামারিদের কাছ থেকে প্রত্যাশিত দুধ পাওয়া যায় না। কারণ, এ সময় খামারিরা স্থানীয় পর্যায়ে দুধ বেচতে বেশি আগ্রহী থাকেন।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো বর্তমানে খামারিদের প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। অথচ প্রায় এক সপ্তাহ ধরে বেড়া ও সাঁথিয়ার খোলাবাজারে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। এ ছাড়া ছানার কারখানাগুলোও এখন প্রতি লিটার দুধের দাম ৪৫ থেকে ৫০ টাকা দিচ্ছে বলে খামারিরা জানান। সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের দুধ ব্যবসায়ী ফজলুল হক বলেন, তিনি এলাকার খামারি ও গৃহস্থদের কাছ থেকে প্রতিদিন এক হাজার লিটার দুধ একটি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। কিন্তু সপ্তাহ খানেক ধরে তিনি সেখানে ৫০০ লিটারের মতো দুধ দিয়ে বাকিটা ছানা তৈরির কারখানা ও খোলাবাজারে বিক্রি করছেন। বেশ কয়েকজন খামারি ও দুধ ব্যবসায়ী জানান, প্রতিষ্ঠানগুলোর কাছে খামারিদের এ কদর সাময়িক। রমজান মাস ও ঈদ সামনে এলেই দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে খামারিদের কদর বেড়ে যায়। আবার ঈদের পর চাহিদা কমে গেলে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহের পরিমাণও কমিয়ে দেয়। তখন খামারিদের লোকসান গুনতে হয়।