এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষা করে: নৌমন্ত্রী

এবার ঈদে দেশের সব ঘাটের পরিস্থিতি ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘আগে গাড়ি ফেরির জন্য অপেক্ষা করত, আর এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষা করে।’ ঘাটে কোথাও চাঁদাবাজি হচ্ছে না বলেও দাবি করেন মন্ত্রী।
আজ সোমবার বিকেলে ঈদের আগের সার্বিক পরিস্থিতি দেখতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পাঁচ বছরে সাতটি ফেরি তৈরি করেছে। আগামী ডিসেম্বরে আরও সাতটি ফেরি বহরে যোগ হবে এবং ২০১৪ সালে ছয়টি ফেরি যোগ হবে। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেতা খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থাকাকালে একটিও ফেরি তৈরি করেননি। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের বন্ধ নৌরুটগুলো সচল করা হবে।
নির্বাচন প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে। আগামী ২৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে এবং এর এক মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় নৌমন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুহাম্মদ শামসুদ্দোহা, রাজবাড়ী জেলা প্রশাসক হাসানুজ্জামান, মানিকগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।