এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা

গতকাল সোমবার বেলা একটা। পতেঙ্গা সমুদ্রসৈকত। সাগরের পানি আছড়ে পড়ছে বড় বড় পাথরে। তার অদূরেই বোরহানউদ্দিনের অস্থায়ী দোকান। চারটি বাঁশের খুঁটি। ওপরে প্লাস্টিকের ছাউনি। ভেতরে ছোট্ট টেবিলে থরে থরে সাজানো বাদাম-আচার-জুতা। বিক্রির জন্য সৈকতে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণে তাঁর আপ্রাণ চেষ্টা। আচার-বাদাম বিক্রি হলেই তাঁর মুখে ফুটে ওঠে হাসি।
অথচ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল এই বোরহানের দোকান। তাঁর মতো সৈকত এলাকার প্রায় সাড়ে চার শ দোকান ঝড়ে ধ্বংস হয়ে গেছে। সেই বোরহানরাই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নতুন করে শুরু করতে যাচ্ছেন ব্যবসা। তবে এ জন্য সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
ব্যবসায়ী বোরহান বলেন, ‘শনিবার দুপুরে হঠাৎ জলোচ্ছ্বাস আঘাত হানে। মালামাল সরানো তো দূরে থাক, কোনোরকমে নিজেকে রক্ষা করি।’ তিনি বলেন, ‘ঝড়ে দোকানের সব মালামাল ভেসে গেছে। কিছুই খুঁজে পাইনি। ঘরে স্ত্রী-বাচ্চারা আছে। তাই বসে থাকলে চলবে না। বকেয়ায় মালামাল এনে কোনোরকম ব্যবসা শুরু করেছি।’
মোহাম্মদ জাহাঙ্গীর করেন কাপড়ের ব্যবসা। ঝড়ে তাঁর দোকানও শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘দুটি এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। দোকানে আট লাখ টাকার কাপড় মজুত করা ছিল। সব ভেসে গেছে। এখন মনোবল ছাড়া কিছুই নেই। অবশ্য পাইকারি ব্যবসায়ীরা বকেয়ায় কাপড় দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করছি, সবকিছু সামলে কিছুদিনের মধ্যে ব্যবসা শুরু করব।’
ব্যবসায়ীরা জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর এবারই প্রথম সৈকত এলাকার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্যবার ১০ নম্বর সতর্কসংকেত দিলেও বাঁধের ওপর পানি ওঠেনি। কিন্তু এবার ৭ নম্বর সংকেতেই পানি উঠে গেছে।
গতকাল ছিল সরকারি ছুটির দিন। এ কারণে সৈকতে প্রচুর দর্শনার্থী ছিল। তাঁদের ভিড়ে কিছুটা হলেও জমজমাট হয়ে ওঠে খাবারের দোকানগুলো।
ভ্রাম্যমাণ আলোকচিত্রী মোহাম্মদ রুবেল ও মো. জসিম বলেন, ‘ঘূর্ণিঝড়ের পর আজকেই সবচেয়ে বেশি মানুষ এসেছে। লোকজনও ছবি তুলছে। এতে কিছু টাকা আয় হচ্ছে।’
পতেঙ্গা সমুদ্রসৈকত দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ওয়াহিদুল আলম জানান, সৈকত এলাকায় থাকা সাড়ে সাত শ দোকানের মধ্যে সাড়ে চার শই ঝড়ে উড়ে গেছে। দোকানিদের সবাই ঋণ নিয়ে ব্যবসা করেন।
ওয়াহিদুল আলম বলেন, ‘ঘূর্ণিঝড় আমাদের সব ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা এখানেই থামতে চাই না। ঘুরে দাঁড়াতে চাই। তবে সরকার ও বেসরকারি সংস্থাগুলো সহজ শর্তে ঋণ না দিলে ব্যবসা করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।’