এখন চলছে 'নাটকীয় নির্বাচন': ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পুনর্গঠিত সরকার ‘সর্বদলীয়, নির্দলীয়, না অন্তর্বর্তীকালীন’ তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, এখন যা চলছে তা ‘নাটকীয় নির্বাচন’। এর মধ্যে একজন রয়েছেন ‘নাটকীয় বিরোধী দলের’ ভূমিকায়।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে কামাল হোসেন এসব কথা বলেন। সভায় সিদ্ধান্ত হয়, এক ব্যক্তির অধীন কোনো পাতানো বা ‘নাটকীয় নির্বাচনে’ গণফোরাম অংশ নেবে না।
কামাল হোসেন বলেন, মানুষ চেয়েছে নির্দলীয় সরকার। এটি কোনো দলের একক দাবি না। মানুষ চায় নিরপেক্ষভাবে পরিচালনায় একটি সুষ্ঠু নির্বাচন হোক। এ ব্যাপারে কারও দ্বিমত নেই। কিন্তু সরকার চায় ৩০ বছর আগে মানুষের কাছে প্রত্যাখ্যাত এক ব্যক্তির অধীন নির্বাচন করতে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর ভোটারবিহীন নির্বাচন শুরু হয়েছিল, এটি তুঙ্গে উঠেছিল ’৮৬ সালে। ২০০৭ সালেও নাটকীয় নির্বাচন হতে যাচ্ছিল। এর বিরুদ্ধে আইনি লড়াই করেছিলাম, সে নির্বাচন হতে পারেনি। আজকের নাটকে যারা আছে, তাদের পরিচয় জনগণকে জানাতে হবে।’
স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে শহীদদের নাম উল্লেখ করে কামাল হোসেন বলেন, সেদিন যে গুলি ছুড়েছিল গণতন্ত্রের নামে, আজ তাঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তিনি বলেন, ‘তখন অনেকে আমাদের বলেছিলেন, তিনি (এরশাদ) কবিতা লেখেন। সবাইকে হাত করেছেন, পারবেন না। কিন্তু শেষ রক্ষা হয়নি, জনগণের বিজয় হয়েছে। আজকেও বলছি, জনগণের বিজয় হতে যাচ্ছে। বাংলাদেশের পাশে সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ দাঁড়াচ্ছে।’
পুনর্গঠিত মন্ত্রিসভার দুই সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে কামাল হোসেন গণফোরামের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের পক্ষ থেকে আমরা কী তাঁদের অভিনন্দন জানাতে পারি?’ জবাবে ‘না’ ‘না’ ধ্বনি উঠলে তিনি বলেন, তাহলে আর কী করার আছে।
‘সাড়ে চার হাজার কোটি টাকা কোনো টাকাই না’—অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের এ বক্তব্যের সমালোচনা করে কামাল হোসেন বলেন, ‘এখনো তিনি মন্ত্রী হয়েছেন। আমি তো অবাক হই। স্বাস্থ্যের কারণে হলেও তাঁকে মুক্তি দেওয়া উচিত ছিল।’
এর আগে বর্ধিত সভায় গণফোরামের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক জানে আলম বলেন, আজ কামাল হোসেন, শাহদীন মালিকেরা সংবিধান সম্পর্কে জানেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র সংবিধান বিশেষজ্ঞ। তাঁর এই বক্তব্য উল্লেখ করে পরে কামাল হোসেন বলেন, ‘আজ এখান থেকে ঘোষণা দেন, রেডিও-টিভিকে জানিয়ে দেন, দেশে একজনই আছেন সংবিধান বিশেষজ্ঞ। তিনি যা বলেন, তাই সংবিধান। আমরা কেউ কিছু জানি না।’ সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মফিদুল ইসলাম, সুব্রত চৌধুরী, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।