এখন চুপ করে থাকার সময় নয়, সবাইকে জাগতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে মৌলবাদীদের হুংকারে দেশে আজ যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই এখন আর চুপ করে থাকার সময় নেই। দেশকে মৌলবাদ আর জঙ্গিবাদের হাত থেকে বাঁচাতে সবাইকে জেগে উঠতে হবে।
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ সংগঠনের রাজশাহী বিভাগীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য জিয়াউদ্দিন তারিক আলী, অর্থনীতিবিদ এম এম আকাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও ভাষাসৈনিক আবুল হোসেন।
সৈয়দ শামসুল হক বলেন, ‘বাংলদেশের এত গৌরবের ইতিহাস আছে, যা আমাদের মহান অর্জন। আজ সেই অর্জন ধ্বংস করতে চতুর্দিকে ষড়যন্ত্রের থাবা বিস্তার করেছে একাত্তরের পরাজিত শক্তিরা। এ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের উদ্ধত আচরণ আমরা মেনে নিতে পারি না। মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই।’
সুলতানা কামাল বলেন, ‘গোলাম আযমরা দেশের সব রকম সুযোগ-সুবিধা ভোগ করেও কোনো দিন একাত্তরের ভূমিকার জন্য ভুল স্বীকার করেননি। অথচ একাত্তরের পর গোলাম আযম পাকিস্তানে গিয়ে বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের জন্য ভুল স্বীকার করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, এ দেশে যারা সরকারি দলে থাকবে, যারা বিরোধী দলে থাকবে—সবাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির হবে। আমাদের জনগণের মধ্যেও সেই চেতনা জাগাতে হবে।’
এম এম আকাশ বলেন, ‘জঙ্গিবাদী ও মৌলবাদী শক্তির আস্ফাালনে দেশ আজ ধ্বংসের কিনারে। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। আমরা যেখানেই যাই না কেন, আমরা আর পাকিস্তানের মতো রাষ্ট্রে ফিরে যেতে চাই না।’
সভাপতির বক্তৃতায় হাসান আজিজুল হক বলেন, ‘এখন আর আলোচনা, সভা, সমাবেশ, আস্ফাালন করে আমাদের কোনো লাভ নেই। এই মুহূর্তে আমাদের যা করণীয়, সেটাই মনোযোগ দিয়ে করতে হবে। ’৫২ থেকে ’৭১ পর্যন্ত বাঙালি পিছু হটেনি, এখনো বাঙালি পিছু হটতে পারে না। বাংলাদেশকে রুখে দাঁড়াতেই হবে।’ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত, সাম্প্রদায়িকতা-প্রতিহিংসা প্রতিহত এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ সংগঠনের এটি ছিল পঞ্চম বিভাগীয় সম্মেলন। আগামী ৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করে সংগঠনটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সম্মেলনে বক্তারা জানান।