এখন জামায়াত মনে করে কুশপুত্তলিকা পোড়ানো ইসলামবিরোধী
ওলামা মাশায়েখ সংহতি পরিষদ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা পোড়ানোর পর একে ইসলামবিরোধী কাজ হিসেবে আখ্যা দিয়েছে জামায়াত। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ দাবি করেন। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, একাত্তর সালে তাঁরা কোনো অন্যায়-অত্যাচার করেননি।লিখিত বক্তব্যে মুজাহিদ বলেন, ‘মানুষের কুশপুত্তলিকা বানিয়ে তাকে জ্যান্ত মনে করে দাহ করা মোটেই ইসলামসম্মত নয়। অথচ ইসলামের নাম ব্যবহার করে আলেম নামধারী আওয়ামী মহাজোট সমর্থক কিছু লোক মাওলানা মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা বানিয়ে তা প্রকাশ্য রাজপথে দাহ করেছে।’ইরাক যুদ্ধের পর অনেক ইসলামপন্থী দল তখনকার মার্কিন প্রেসিডেন্ট বুশের কুশপুত্তলিকা পুড়িয়েছিল। তখন জামায়াত এ বিষয়ে কিছু বলেনি কেন—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘এ দেশের বরেণ্য ওলামা-একরামরা আগে বলার প্রয়োজন বোধ করেননি। এখন ইসলামের নামে যেহেতু এটা করা হচ্ছে, সেহেতু আমরা বলছি।...এটি গর্হিত কাজ। এটি করা যায় না বলে দলের সিদ্ধান্ত আছে।’জানতে চাইলে ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা ফরিদউদ্দিন মাসউদ প্রথম আলোকে বলেন, ‘জামায়াত কোনো ইসলামের দল নয়। তারা ইসলামের বিষয়ে কোনো ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। তা ছাড়া মুজাহিদ কোনো আলেম নন, তাঁর গুরু মওদুদীও আলেম নন। কাজেই বৈধ ও অবৈধ সম্পর্কে বলার অধিকার মুজাহিদ রাখেন না।’ মাসউদ বলেন, ‘কুশপুত্তলিকা বানানো হয়েছে শয়তান তাড়ানোর জন্য। এটা মূর্তি ছিল না। এটা ঘৃণা প্রকাশের জন্য ছিল। অপশক্তির বিরুদ্ধে ঘৃণা প্রকাশের সঙ্গে ইসলামে কোনো বিরোধ নেই।’