এখন জ্বলছে না একটি বাতিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ও সেতুসংলগ্ন পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালের ৩০টি বৈদ্যুতিক বাতিই দীর্ঘদিন ধরে জ্বলছে না।গত ২০ মার্চ প্রথম আলোয় ‘৩০টি বাতির ২৭টি বিকল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর একটি বাতিও ঠিক করা হয়নি। বরং প্রতিবেদন প্রকাশের ১৪-১৫ দিন পর থেকে বাকি তিনটি বাতিও জ্বলছে না। স্থানীয় লোকজন বলেন, বাতিগুলো না জ্বলায় সেতু ও পাটগুদাম আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা রাতে অন্ধকারে নিমজ্জিত হয়। সেতুর ওপর দিয়ে চলাচলকারী পথচারীরা চরম দুর্ভোগে পড়ে। রাতের অন্ধকারে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।পথচারী নাজমুল মিয়া বলেন, ‘সেতুর ওপর একটা বাতিও জ্বলে না। গাড়ির হেডলাইটের আলো চোখে পড়লে আর কিছুই দেখা যায় না।’ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বলেন, বেশ কিছু বাতি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। এ ছাড়া বিদ্যুতের বিল বকেয়া থাকায় সেতু এলাকার বিদ্যুৎ-সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়েছে। এ কারণে বাতিগুলো জ্বলছে না।