
ঈদ এসে গেল। সকালে ঈদগাহে যাবেন নতুন পাঞ্জাবি পরে, তাতে আতরের সুবাস আর মাথায় টুপি না থাকলে কি আর চলে! নতুন পোশাক কেনার পর ক্রেতারা তাই ভিড় জমাচ্ছে টুপি, আতর আর জায়নামাজের দোকানে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, দক্ষিণের গেট-সংলগ্ন ফুটপাতের দোকানগুলোতে আতর-তসবির বিক্রিবাট্টা বেশ জমে উঠেছে। বিভিন্ন দামের বিভিন্ন ধরনের সুগন্ধির সঙ্গে পাওয়া যাচ্ছে টুপি, তসবি, সুরমা ও জায়নামাজ।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, রোজার মাসের শুরু থেকেই টুপি-আতর-তসবির বিক্রি বেড়ে যায়। আর কেনাবেচার এই রমরমা ভাব চলবে ঈদের নামাজের আগ পর্যন্ত।
দোকানিরা জানিয়েছেন, কম দামের মধ্যে এবার সবচেয়ে বেশি বিক্রি চলছে লন্ডন ম্যাগনেট, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বকুল আর বেলিফুলের আতর। প্রতি তোলার দাম পড়ছে ১০০ থেকে ২০০ টাকা। এ ছাড়া বডি স্প্রের মতো ওয়ান ম্যান শো, আল হারমাইন মদিনা, মেইজ, সানডে, এক্সের চাহিদাও রয়েছে অনেক। বডি স্প্রের মতো এসব সুগন্ধি কিনছেন মূলত তরুণেরা।
মধ্যম দামের মধ্যেও রয়েছে নানা ধরনের আতর। বেশি দামের আতরের মধ্যে রয়েছে ২০ হাজার টাকা তোলা দরে আল হারমাইন শেখ, সৌদি আরবের ১২ হাজার টাকা প্রতি তোলা দরে উদ আতর।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. তাজুল ইসলাম বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে কাঁচা বেলির এক তোলা আতর কিনলেন। বললেন, ‘ছেলে, নাতি আর আমি সবাই মিলে আতর মেখেই ঈদগাহে যাব।’
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ভেতরে আরেকটি দোকানের সামনে দেখা মিলল দুই ভাইয়ের। পছন্দের টুপি তাঁরা বেছে নিচ্ছিলেন। এক ভাই চাকরিজীবী মো. শামীম প্রথম আলোকে বলেন, ‘ঈদের কেনাকাটা করা সবই শেষ। আগামীকাল (আজ শনিবার) গ্রামের বাড়ি যাব।’ পাশের দোকানে পাথরের পুঁতির তসবি আর জায়নামাজ কিনলেন এক দম্পতি।
টুপির দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল, পুঁতির কাজ করা টুপি ১৫০ থেকে ৩০০ টাকা। গোল টুপির দাম ৫০ থেকে ৫০০ টাকা। বাচ্চাদের চুমকি বসানো টুপি মিলবে ১০০-২৫০ টাকায়। সোনালি সুতার কাজ করা টুপি পাবেন ৭০০ থেকে ১,৩০০ টাকা। আর সাধারণ টুপির দাম পড়বে ৫০ থেকে ১২০ টাকা।
খিলগাঁও তালতলা মার্কেটের সামনে টুপি বিক্রি করছিলেন মো. মাসুম। জানালেন, ঈদ উপলক্ষে তাঁর বেচাবিক্রি ভালো চলছে। গত বৃহস্পতিবার শবে কদরেররাতে কাকরাইল মসজিদের সামনে টুপি কিনলেন শিক্ষার্থী আসিফ রহমান। বললেন, ‘টুপি দিয়েই তো ঈদবাজার করা শেষ করলাম।’