এখন তাঁরা তৎপর
যোগাযোগমন্ত্রীর নির্দেশের পর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে সড়ক সংস্কারে মরিয়া হয়ে উঠেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গত কয়েক দিন রাতের ঘুম বাদ দিয়ে সড়ক সংস্কারে তাঁদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। সড়ক বিভাগের এই হঠাৎ তৎপরতায় মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন পথচারী ও শহরের বাসিন্দারা।তবে সওজ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী শ্যামল কান্তি ভট্টাচার্য প্রথম আলোকে জানান, চৌমুহনীতে চার লেন প্রকল্পের কাজ চলছে। তার পরও জনসাধরণের চলাচলের সুবিধার্থে মাঝেমধ্যে খানাখন্দগুলো ভরাট করা হতো। মন্ত্রীর নির্দেশে ওই তৎপরতায় আরও গতি এসেছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সওজের একটি ট্রাকে করে পাথর ও লাকড়ি এনে রাখা হয়েছে চৌমুহনী পৌর সুপার মার্কেটের বিপরীতে সড়কের পাশে। একই স্থানে বসানো হয়েছে ড্রামের তৈরি চুলা, যার ভেতর গলানো হচ্ছে বিটুমিন। আরেকটি চুলায় পাথরের সঙ্গে বিটুমিন মেশানো হচ্ছে। এরপর সওজের কর্মীরা সেগুলো দিয়ে ভরাট করছেন সড়কের বড় বড় গর্ত।সওজের কর্মীদের এ তৎপরতা দেখে শহরের গনিপুর এলাকার বাসিন্দা আবু নাছের বলেন, মন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তাঁরা রাতের ঘুম বাদ দিয়ে কাজ করছেন। তিনি নির্দেশ না দিলে আরও কত দিন মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। অটোরিকশার চালক মো. ইস্রাফিল জানান, সড়কটি খানাখন্দে এমন দুরবস্থা হয়েছিল যে যানজট না থাকলেও মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতে অন্তত ১০ থেকে ১৫ মিনিট সময় লাগত। মাঝেমধ্যে গর্তগুলো নামমাত্র ভরাট করা হতো। এতে দুর্ভোগ লেগেই থাকত।সওজ নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্কারকাজের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। নেই পর্যাপ্ত জনবল ও যানবাহন। ১৯৬৪ সালের দুটি ট্রাক দিয়েই কাজ চালাতে হয়। কাজের সময় এগুলো প্রায়ই বিকল হয়ে পড়ে।মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার রাতে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ছাড়াও ফেনী ও লক্ষ্মীপুর সফর করেন। মন্ত্রী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা শহর সফর করে গত শুক্রবার ফেনী ফেরার পথে বাণিজ্যিক শহর চৌমুহনীর সড়কের বেলাহ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন।এরপর স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সড়কের দুরবস্থা সম্পর্কে অবহিত হয়ে সওজের নির্বাহী প্রকৌশলীকে যত দ্রুত সম্ভব এটি সংস্কার করে জনগণের দুর্ভোগ কমিয়ে আনার নির্দেশ দেন। এর পরই তৎপর হয়ে ওঠেন সওজের কর্মকর্তরা-কর্মচারীরা। নির্বাহী প্রকৌশলী উপস্থিত থেকে সংস্কারকাজ তদারক করেন।এর আগে যোগাযোগমন্ত্রী নিজ এলাকায় আসার খবরে সওজের কর্মীরা যানবাহন চলাচলে প্রায় অযোগ্য সোনাপুর-বসুরহাট সড়কও তড়িঘড়ি করে সংস্কার করেন।