এখন তিনি থানায় বন্দী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার বাসিন্দা ইটভাটার শ্রমিক সাইফুল ইসলামকে (২৮) উদ্ধারের দুই দিন পরও অজ্ঞাত কারণে পুলিশি বন্দিদশা থেকে তাঁর মুক্তি মিলছে না। গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘ভাই ভাই ব্রিক্স’ নামের একটি ইটভাটা থেকে শিকলে বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, হাজতখানার ভেতরে বসে আছেন সাইফুল। তাঁর বিরুদ্ধে মামলা না থাকলেও কেন আটকে রাখা হয়েছে, এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, সাইফুল দরিদ্র শ্রমিক। তাঁর জন্য কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করে তাঁকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সাইফুলের পরিবার তো আর্থিক সহায়তা চায় না, চায় সাইফুলের মুক্তি—এমন প্রশ্নের জবাবে ওসি জাহিদুল জানান, পুলিশ তো এ রকম দায়িত্ব পালন করতেই পারে।তবে সাইফুলের পরিবার জানায়, বুধবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত সাইফুলের মা মরিয়ম বেগম থানায় এসে ছেলেকে নিয়ে যেতে চাইলেও পুলিশ তাঁকে মুক্তি দেয়নি। এ ব্যাপারে সাইফুলের প্রতিবেশী শহীদুল মিয়া মুঠোফোনে নিজেকে কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পরিচয় দিয়ে বলেন, ‘সাইফুলকে ইটভাটায় আটক রাখার খবর পেয়ে আমি নান্দাইল মডেল থানায় অভিযোগ করি। পরে পুলিশ তাঁকে মঙ্গলবার রাতে উদ্ধার করে। সাইফুলের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু থানা হেফাজত থেকে কেন তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছি না।’ তবে তিনি দাবি করেন, ভাটামালিকের দাদনের টাকা আদায়ের জন্যই সাইফুলকে আটকে রাখা হয়েছে।ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য হাবিবুর রহমান জানান, পুলিশ কাউকে আটক করলে ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটস্থ আদালতে হাজির করতে হবে। কিন্তু উদ্ধারকারী ব্যক্তিকে আটক রাখা আইনের লঙ্ঘন বলে মনে করেন তিনি।