এখন থেকে পাল্টা আক্রমণ করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শিবিরের কর্মীদের গুলিতে পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইকবাল আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘এখন থেকে এ ধরনের কোনো আক্রমণকে নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনী স্বাভাবিক বলে গ্রহণ করবে না। তারাও পাল্টা আক্রমণ করবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের এনায়েতবাজারের জুবিলি রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রাম কোস্ট গার্ডের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা পুলিশের ওপর আক্রমণ করেছে তাদের সাবধান করে দিতে চাই, তারা কেউ রেহাই পাবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করে তারা সমাজের শত্রু, জনগণের শত্রু। তাদের দমন করার জন্য সরকারের তরফ থেকে আইন অনুযায়ী দৃঢ়তম পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যেই এ পদক্ষেপ নেওয়াও হয়েছে। যারা এই কাজ করেছে, তাদেরকে, তাদের উসকানিদাতাদেরকে এবং যারা অর্থায়ন করছে তাদের কাউকেই আমরা ছাড় দেব না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সাতকানিয়ায় পুলিশের ওপর আক্রমণ হয়েছে। তার পরও পুলিশ ও নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সহিষ্ণুতার সঙ্গে কাজ করছে।’ মন্ত্রী আরও বলেন, ‘সর্বাত্মক সহিষ্ণুতার সঙ্গে কাজ করে অর্পিত দায়িত্ব পালন করে পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে আমরা জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছি।’