এখন থেকে বহির্গমন ছাড়পত্র চট্টগ্রামেই
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় স্থাপন করা হবে। একই সঙ্গে কাজের উদ্দেশ্যে বিদেশগামী ব্যক্তিরা যাতে নিজ জেলা থেকে সরাসরি বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড পেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম থেকে বিদেশগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড ইস্যু কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
ঢাকার বাইরে প্রথমবারের মতো চট্টগ্রামে এ সুবিধা চালু হয়েছে। স্মার্ট কার্ড বা কম্পিউটার ম্যাগনেটিক চিপ কার্ডে বিদেশগামী একজন শ্রমিকের ছবি, আঙুলের ছাপসহ ১৮ ধরনের তথ্য থাকে। আবেদন করার সর্বোচ্চ দুই কর্মদিবসের মধ্যে একজন শ্রমিককে স্মার্ট কার্ড সরবরাহ করা হয়। বহির্গমন ছাড়পত্রের অংশ হিসেবে এই কার্ড দেওয়া হয়।
গতকালের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য বিদেশগামীদের ঢাকায় বিএমইটি অফিসে যেতে হতো। এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চট্টগ্রাম থেকে সরাসরি বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড দেওয়া শুরু করা হয়েছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশগামী শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে দেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়কে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান, জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন।