
নারায়ণগঞ্জে এখন থেকে ফরমালিনমুক্ত মাছ পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। গতকাল শনিবার ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজন গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ও ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে এ বৈঠক শুরু হয়ে বেলা তিনটার দিকে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক।
বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, আইনের যথাযথ প্রয়োগ যত দিন নিশ্চিত না হবে, তত দিন এ দেশের কিছু মানুষ এসব অন্যায় করে যাবে। এসব মানুষকে একাধিকবার সতর্ক করা হলেও তারা সচেতন হচ্ছে না। একমাত্র আইন প্রয়োগ করেই খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, নারায়ণগঞ্জে আজ থেকে ফরমালিন ও ভেজালমুক্ত মাছ পাওয়া যাবে। জেলা প্রশাসন সব সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এ কারণে আগে যেখানে ৮ হাজার মেট্রিক টন ফরমালিন ব্যবহার হতো, এখন সেখানে ১০০-১৫০ টন ফরমালিন ব্যবহৃত হয়।
পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দীন বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসনের যখন প্রয়োজন হবে পুলিশ তখনই সহযোগিতা করবে। পুলিশ সরাসরি খাদ্যে ভেজাল প্রতিরোধে কাজ করতে পারবে না। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কাজ করবে। পুলিশ সহযোগিতা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, দেশে বিজ্ঞাপন নিয়ন্ত্রণের আইন নেই। বিজ্ঞাপনের মাধ্যমে ভুল তথ্য তুলে ধরে মানুষকে প্রতারিত করা হয়। দেশে গুঁড়ো মরিচে যে রং ব্যবহার করা হয়, তাতে ক্যানসার হতে পারে। এখন ধনেগুঁড়োয় গোবর পাওয়া যায়।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যান লুৎফর রহমান। এতে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক এইচ এম টুটুল, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল জলিল দেওয়ান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, নির্ভীকের জেলা সমন্বয়ক এ টি এম কামাল, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মিয়া, ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির মহাসচিব তরিকুল ইসলাম, নাগরিক কমিটির সহসভাপতি গাজী মোখলেছুর রহমান, পরিবেশ আন্দোলনের নেতা তারিক বাবু প্রমুখ।