এখন থেকে সবুজ পাসপোর্ট ব্যবহার করবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদনপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংসদ সদস্য না থাকায় তিনি লাল পাসপোর্ট পাবেন না।  

খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয়ে গিয়ে ঢাকা বিভাগের পরিচালকের দপ্তরে আবেদনপত্র জমা দেন। এরপর তিনি এমআরপির জন্য ছবি তোলেন। এ সময় সেখানে এমআরপি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার মাসুদ রেজা উপস্থিত ছিলেন।

১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে খালেদা জিয়া বিশেষ পাসপোর্ট (লাল পাসপোর্ট) ব্যবহার শুরু করেন। এর পর থেকে কখনো প্রধানমন্ত্রী আবার কখনো বিরোধীদলীয় নেতা ছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় খালেদা জিয়া এখন আর সংসদ সদস্য নেই। ফলে এখন থেকে তিনি আর লাল পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। সাধারণ নাগরিকদের মতোই সবুজ পাসপোর্ট ব্যবহার করবেন।

প্রসঙ্গত, সংসদ সদস্যরা লাল পাসপোর্ট ব্যবহার করে থাকেন। এই পাসপোর্টধারীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে থাকেন।