এখন দরকার আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরশাদ মনসু​র
আরশাদ মনসু​র

বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে যে উন্নতি করেছে, তা টেকসই ও স্থিতিশীল করার জন্য এখন দরকার আধুনিক বিদ্যুৎব্যবস্থা (স্মার্ট পাওয়ার সিস্টেম) প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়া। উন্নত সঞ্চালন ও বিতরণব্যবস্থার পাশাপাশি দরকার আধুনিক প্রি-পেইড মিটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতির (লাইট, ফ্যান, এসি, ফ্রিজ ইত্যাদি) বিদ্যুৎসাশ্রয়ী ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ ড. আরশাদ মনসুর এ অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী আরশাদ যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (গবেষণা ও উন্নয়ন)। যুক্তরাষ্ট্র ছাড়াও পৃথিবীর অনেক দেশে আধুনিক বিদ্যুৎব্যবস্থা স্থাপনে এ প্রতিষ্ঠান পরামর্শ সেবা দিয়ে থাকে।
গতকাল রোববার সকালে প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন আরশাদ মনসুর। এ সময় তিনি কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরশাদ মনসুর বলেন, আধুনিক বিদ্যুৎব্যবস্থার পাশাপাশি দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সৌরবিদ্যুতের ক্ষুদ্র ও আঞ্চলিক গ্রিড গড়ে তোলা এ খাতে অগ্রগতির সহায়ক হবে। সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয়ও ক্রমাগতভাবে কমে আসছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন প্রতি উইনিট সৌরবিদ্যুতের দাম ১০ টাকার কাছাকাছি। তবে বাংলাদেশে বায়ুবিদ্যুতের সম্ভাবনা আপাতত উল্লেখযোগ্য নয়।

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, দূষণমুক্ত বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন সবচেয়ে উপযোগী। তবে এর প্রধান ভাবনার বিষয় হচ্ছে নিরাপত্তা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ও নিরাপদ একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিশ্চিত করা। এ জন্য যে দক্ষ জনবল দরকার, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ রেগুলেটরি কমিশন বা কর্তৃপক্ষের যে দক্ষতা দরকার, বাংলাদেশে তার অভাব আছে।

সুন্দরবন-সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে বিতর্ক প্রসঙ্গে আরশাদ মনসুর বলেন, প্রযুক্তির উন্নয়ন দূষণের মাত্রা নিম্নতম পর্যায়ে নিয়ে আসার সুযোগ তৈরি করেছে। বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। তবে কয়লা আনা-নেওয়ার প্রক্রিয়ায় যদি বন, পানি বা জীবজন্তুর কোনো ক্ষতির কারণ ঘটে, সেটা আলাদাভাবে দেখার বিষয়।

বাংলাদেশে আরও অনেকগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ ও পরিবেশ-প্রতিবেশের ওপর প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, কার্বন নিঃসরণ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এর চেয়ে হাজার গুণ বেশি নিঃসরণ করছে চীন, ভারত ও অন্যান্য উন্নত দেশ। বাংলাদেশ বরং তাদের দূষণের শিকার। তা ছাড়া বাংলাদেশ এমন একটি উন্নয়নশীল দেশ, যেটি উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছে। এর এখন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ-জ্বালানির সরবরাহ নিশ্চিত হওয়া খুবই জরুরি।