রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এখন দরকার জাতীয় উদ্যোগ। সংলাপও দরকার। তেমনি নাশকতা বন্ধে প্রশাসনিক উদ্যোগও জরুরি। আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতেই পারে। তবে তার আগে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে।
‘সহিংসতা নয়, মুক্তিযুদ্ধের মূলধারায় জাতীয় ঐক্য গড়ে তুলুন’ শীর্ষক এই আলোচনা সভায় অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতারা। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই আলোচনা সভা হয়।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায় বলেন, সংলাপ অবশ্যই হওয়া দরকার। তবে আগে একটা জিনিস নিশ্চিত করতে হবে, দেশের যে ভিত্তি তা স্বীকার করতে হবে অকুণ্ঠচিত্তে। বিএনপি জামায়াত ছেড়ে এলে আগামী নির্বাচন কীভাবে, কী করে হবে, তা নিয়ে আলোচনা হতে পারে, তার আগে নয়।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, এখন দরকার জাতীয় উদ্যোগ। জাতীয় উদ্যোগ যেমন জরুরি, তেমনি নাশকতা বন্ধে প্রশাসনিক উদ্যোগও জরুরি। তিনি বলেন, বিএনপিকে বলতে হবে জামায়াত ছাড়ো, সরকারকে বলতে হবে জামায়াত নিষিদ্ধ করো। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, এখন রাজনৈতিক আন্দোলন নেই। সন্ত্রাস, সহিংসতা বেশি হচ্ছে। তিনি সংলাপের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘সংলাপ করতে হবে। বঙ্গবন্ধু যদি ৭ই মার্চের পরও সংলাপে বসতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না?’
আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার। ধারণাপত্রে বলা হয়, নাশকতা দমনে প্রশাসনকে কঠোর ভূমিকা অবশ্যই নিতে হবে। তবে সংকট যেহেতু রাজনৈতিক, তাই এর থেকে উত্তরণে প্রয়োজনীয় বহুমুখী রাজনৈতিক উদ্যোগও নেওয়া দরকার। আগামী নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে আলাপ-আলোচনা হতেই পারে, তবে তা হতে হবে সংবিধানের পরিসীমার মধ্যে।
ধারণাপত্রে আরও বলা হয়, সহিংস অবরোধ আর শান্তির আলোচনা একসঙ্গে হতে পারে না। সরকারপক্ষ থেকেও সভা-সমাবেশসহ সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।