এখন দরকার মানবিক আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বনে ফেলে যাওয়া বৃদ্ধাকে গতকাল সোমবার রাতে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে বনে ফেলে যাওয়া বৃদ্ধাকে গতকাল সোমবার রাতে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। ছবি: সংগৃহীত

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কঠিনভাবে বিপর্যস্ত করেছে করোনাভাইরাস। প্রতিদিনের জীবনে গভীরভাবে পরিবর্তন এসেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নজিরবিহীন চাপে পড়েছে। সরকার ঘোষণা দিয়ে বলেছে, গোটা বাংলাদেশ ঝুঁকিপূর্ণ।

এ দুর্যোগময় পরিস্থিতিতে কিছু ঘটনায় মানুষ আঁতকে উঠেছেন। করোনা–আক্রান্ত সন্দেহে মাকে জঙ্গলে ফেলে গেছেন সন্তানেরা। মুমূর্ষু রোগীকে নামিয়ে রাস্তায় ফেলে গেছেন অ্যাম্বুলেন্সের চালক। মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে লাশ দাফনে বাধা ​দিয়েছেন প্রতিবেশীরা। বিভিন্ন স্থানের আপাতবিচ্ছিন্ন এসব ঘটনায় মানুষের মধ্যে অসহায়বোধ গভীরতর হচ্ছে। এসব থামানোর এখনই উদ্যোগ না নিলে এমন ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদ ও সমাজমনোবিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এখন দরকার সবচেয়ে বেশি মানবিক হওয়ার।

গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুরের একটি বাসায় দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত এক নারী মারা যান। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে প্রতিবেশী, এলাকাবাসী, আত্মীয়-স্বজন কেউ লাশ দাফনের জন্য ওই বাসায় যাননি। তাঁর দুই ছেলে ​​দিনভর মায়ের লাশ নিয়ে বসে ছিলেন দাফনের জন্য, কিন্তু কারও সহযোগিতা পাননি। পরে পুলিশের সহযোগিতায় ছেলেরা মাকে কবর দেন।

এর আগে ১৩ এপ্রিল করোনা–আক্রান্ত সন্দেহে এক মাকে রাতের অন্ধকারে টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে ফেলে যান সন্তানেরা (যদিও পরে পরীক্ষায় জানা গেছে, তিনি করোনায়–আক্রান্ত ​নন)। এ খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বয়োজ্যেষ্ঠদের যাঁরা এ খবর শুনেছেন, তাঁদের অনেকে মন খারাপ করে আছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত বৃহস্পতিবার বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘মাকে জঙ্গলে ফেলে আসার চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না। সন্দেহ হলে চিকিৎসা করান, নিজেরাও সুরক্ষা পান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, মাকে জঙ্গলে ফেলে যাওয়ার ঘটনাকে স্বার্থপর প্রতিক্রিয়ার উদাহরণ বলা যেতে পারে। ভয়–আতঙ্ক থেকে সমাজের অনেকেই নানা রকম নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সন্তানেরা ভয় পেয়েছেন, ভয় থেকে স্বার্থপর আচরণ করেছেন। সঠিক তথ্য ও জ্ঞান থাকলে এমন হতো না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ঠিক সময়ে ঠিক তথ্য ঠিক মানুষকে দিতে হবে, যাতে তিনি ঠিক কাজটি করতে পারেন। এর জন্য গণমাধ্যমসহ সব ধরনের মাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও বলেছে সংস্থাটি।

সখীপুরের ওই ঘটনার আগে–পরে আরও কিছু ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের গিটারবাদক খায়রুল আলম অসুস্থ হওয়ার পর ৬ এপ্রিল অ্যাম্বুলেন্স আনা হয় হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু এলাকাবাসী বাধা দেন। তাঁরা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া রোগী অ্যাম্বুলেন্সে তুলতে দেবেন না। এরপর বাড়ির সামনের রাস্তায়ই মারা যান খায়রুল।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন বলেন, মহামারিতে বা বড় দুর্যোগে মানুষ অতি আতঙ্কিত হয়ে পড়ে। গণমনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়। এ সময় সঠিক তথ্য বিশ্বাসযোগ্যভাবে দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিচর্যার উদ্যোগ থাকা দরকার। এ সময়ে মানুষের মনে সাহস জোগাতে সামাজিক ও রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর কথা বলেছেন তিনি। তাঁর মতে, যাঁরা করোনার নমুনা সংগ্রহ করতে যান, তাঁরাও এ কাজ করতে পারেন। সমাজকর্মীরাও করতে পারেন। পরিপূরক হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করতে পারে। তারা বেআইনি কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারে।

করোনাভাইরাসের সংক্রমণ মানসিক অস্থিরতা বাড়িয়েছে। সমাজের এ ধরনের প্রতিক্রিয়া প্রথম দেখা যায় রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে করোনায় মৃত ব্যক্তির দাফনের ঘটনায়। এলাকার কিছু মানুষ দাফনে বাধা দিয়েছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দেশের বিভিন্ন স্থানে দাফন করা নিয়ে জটিলতার খবর নিয়মিত আসছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মৃতদেহ করোনাভাইরাস ছড়ায়, এমন কোনো নজির পাওয়া যায়নি। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে দাফন বা সৎকারে অংশ নিলে সংক্রমণের আশঙ্কা নেই। এ বার্তা দেশে ব্যাপকভাবে প্রচার পায়নি।

এ রকম ঘটনা আরও ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘করোনা রোগীর ঘর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এ স্লোগান দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিত ঢেমশা ইউনিয়নের একটি বাড়িতে হামলা করে কিছু লোক।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একজন ​বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বলেছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশও দ্রুত পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শুরু থেকেই করোনায় আক্রান্তদের হীন চোখে দেখার প্রবণতা লক্ষ করা গেছে। আক্রান্ত ব্যক্তিদের অপরাধী ভাবা হয়েছে।

একই কথা বলেছিলেন ইতালিফেরত এক প্রবাসী। মার্চের প্রথম সপ্তাহে দেশে প্রথম যাঁদের করোনা শনাক্ত হয়েছিল, তিনি ওই তালিকায় ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ওই ব্যক্তি প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি তো কোনো অপরাধ করিনি। কিন্তু আমার সঙ্গে, আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চিড়িয়াখানার জীবজন্তুর মতো ব্যবহার করা হয়েছে। প্রতিবেশীরা আমাদের প্রায় একঘরে করে ফেলেছিল।’

রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কার্যকর উদ্যোগ না নেওয়ায় সমাজের এ আচরণ থেমে নেই। অতিসম্প্রতি জানা গেছে, কোভিড–১৯ রোগীদের সেবা দিচ্ছেন, এমন কিছু চিকিৎসক ও নার্স রাজধানীতে বাড়ির মালিকদের অসদাচরণের মুখে পড়ছেন। অভিযোগ উঠেছে, কিছু বাড়িওয়ালা তাঁদের বাসা ছাড়তে চাপ দিচ্ছেন। দুই দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমে আক্রান্ত ও মৃত্যুর খবর যেভাবে আসছে, তাতে মানুষের মনের গভীরে হয়তো ভয় ঢুকে গেছে। সে কারণে অস্বাভাবিক আচরণ করছে কেউ কেউ। তিনি বলেন, ‘যে সমস্যার মুখোমুখি আমরা হয়েছি, তা একা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য মন্ত্রণালয় মোকাবিলা করতে পারবে না। সমাজবিজ্ঞানীদের এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে, বিপুলসংখ্যক সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাঠে নামাতে হবে।’

বিশেষজ্ঞরাও বলছেন, দেশে সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বাড়ছে।এ পরিস্থিতিতে ভয়, স্বার্থপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। এ মুহূর্তে দরকার সাহস ও সহমর্মিতার। দরকার বন্ধুর হাত, সৎ প্রতিবেশীর সহযোগিতা। এ কাজে ধর্মীয় নেতা, শিক্ষক ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমানের মতে, মানুষকে বোঝাতে হবে কোনটি ভুল। কেন ভুল, সেই কথাও বলতে হবে, ব্যাখ্যা করতে হবে।