এখন নিজেদের তৈরি করার সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে হবিগঞ্জের সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ  ছবি: প্রথম আলো
সনদ হাতে হবিগঞ্জের সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ ছবি: প্রথম আলো

এখন প্রকৃত সময় তোমাদের নিজেদের তৈরি করার। তোমাদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যে দেশ আধুনিক বিশ্বের কাতারে মর্যাদা নিয়ে দাঁড়াবে। তোমাদের ঘিরে আমরা সেই স্বপ্ন দেখতে চাই। গতকাল বুধবার হবিগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিল স্থানীয় প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে জেলার তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয়। জামায়াত-শিবিরের ডাকা হরতালের তেমন প্রভাব পড়েনি এই সংবর্ধনায়। অনুষ্ঠানের অতিথি বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য বলেন, ‘শিক্ষা মানুষের জীবনে মৌলিক পরিবর্তন এনে দেয়। এখন প্রকৃত সময় তোমাদের নিজেদের তৈরি করার। তোমাদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যে দেশ আধুনিক বিশ্বের কাতারে মর্যাদা নিয়ে দাঁড়াবে।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে আধুনিক শিক্ষা, যে শিক্ষা মানবতা ও ভালো মানুষ হওয়ার পথ দেখায়। তোমাদের ঘিরে আমরা সেই স্বপ্ন দেখতে চাই।’ কৃতী শিক্ষার্থী চৌধুরী হাসান শাহরিয়ার বলে, ‘আমরা কথায় নয়, কাজে বড় হতে চাই। আধুনিক বিশ্বের শিক্ষার্থীরা যেভাবে এগিয়েছে, আমরাও সেই পথে হাঁটতে চাই। এর জন্য প্রয়োজন হানাহানিমুক্ত সমাজ ও রাজনীতি।’

আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সাধারণ সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা নবীনগরী, টেলিটকের সহকারী ব্যবস্থাপক আবু রায়হান মো. আল কাইছার, জেলা বন্ধুসভার সভাপতি ও প্রভাষক এস এম ইলিয়াস, কৃতী শিক্ষার্থী আফরোজা আক্তার, অভিভাবক মো. বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান—হবিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। শেষ পর্বে ছিল কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন অনসূয়া, আত্রিকা দেব ও পূজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার গৌরী রায় ও আশীষ সানি।