এখন পর্যন্ত নিশ্চিত কক্সবাজারে আটক ব্যক্তিই ইকবাল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ফাইল ছবি

কক্সবাজার থেকে ইকবাল হোসেন নামে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনিই কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । এ বিষয়ে আজ শুক্রবার প্রথম আলোর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ‘সেইরকমই এখন পর্যন্ত আমরা নিশ্চিত।’

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন শহরের দ্বিতীয় মুরাদপুরের লস্করপুকুরপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন। পূজামণ্ডপের আশপাশের বিভিন্ন বাসা-প্রতিষ্ঠান ও শহরের কয়েকটি এলাকার ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বয়সে তরুণ ইকবাল ‘ভবঘুরে ও মাদকাসক্ত’—এমন তথ্যও দিচ্ছে পুলিশ।

ইকবাল হোসেন নামের এক যুবককে গত বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা এলাকা থেকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ। এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন গতকাল রাত সাড়ে ১১টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে মনে করছি, আটক ব্যক্তিই কুমিল্লার ইকবাল। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। স্থানীয় পুলিশ যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করবে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল কখনো বাসচালকের সহকারী (হেলপার), কখনো রংমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন।

ইকবালের বাবা নুর আহমেদ আলম। মা বিবি আমেনা বেগম। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ইকবাল বড়। ১০ বছর আগে চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রথম বিয়ে করেন ইকবাল। প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে আছে। পাঁচ বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এই ঘরে একটি মেয়ে আছে। তাঁর ছেলের আচরণ নিয়ে প্রশ্ন তুলে দ্বিতীয় স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন।

পরিবারের অন্য সদস্যরা জানান, ইকবাল ভবঘুরের মতো জীবন কাটান। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের বিরক্ত করেন।

ইকবালের মা আমেনা বেগম জানান, ভিডিও ফুটেজে যে ছবি দেখা গেছে, তা ইকবালের। ইকবাল নেশা করতেন বলে জানিয়েছেন তিনি।