এখন পালাজ্জো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গরমে ঢোলা পালাজ্জোর সঙ্গে বেশ মানাবে নিওন রঙা কুর্তা বা টপ৷ মডেল: স্বর্ণা, পোশাক: মায়াসীর, সাজ: পারসোনা ছবি: কবির হোসেন
এই গরমে ঢোলা পালাজ্জোর সঙ্গে বেশ মানাবে নিওন রঙা কুর্তা বা টপ৷ মডেল: স্বর্ণা, পোশাক: মায়াসীর, সাজ: পারসোনা ছবি: কবির হোসেন

ঘুরেফিরে পুরোনো কাট-ছাঁট ফিরে আসে কিছুটা ভিন্ন রূপে। ফ্যাশনের মজাই তো এই। এ সময়ের তেমনই একটি নতুন ট্রেন্ড পালাজ্জো। সত্তর-আশির দশকের বেলবটম প্যান্টের কথাও মনে পড়ে যেতে পারে এটি দেখে। নব্বইয়ের দশকের ডিভাইডার প্যান্টও কিছুটা এই আদলের ছিল। তবে নতুন রূপে এমন ঢোলা প্যান্ট এখন বেশ চলছে পালাজ্জো নামে। গরমে তো আরাম দিচ্ছেই। স্টাইলেও যোগ করেছে নতুন মাত্রা।
গত কয়েক বছর সালোয়ারের পাশাপাশি লেগিংসের ফ্যাশনটা জনপ্রিয় ছিল। এ দেশে পালাজ্জোর আগমন নতুনই। ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, ‘আমাদের চারপাশের দেশগুলো আমাদের দেশের ফ্যাশনকে প্রভাবিত করে। এই দেশগুলোই আবার পাশ্চাত্যের বিভিন্ন দেশের পোশাকের কাট, ছাঁটকে নিজেদের দেশের ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে ফ্যাশনের রূপান্তর ঘটায়।’

পোশাকটি বেশ ফ্যাশনেবল, এর সঙ্গে মিলিয়ে নিতে পারেন ফাংকি ধাঁচের গয়না ও ব্যাগ
পোশাকটি বেশ ফ্যাশনেবল, এর সঙ্গে মিলিয়ে নিতে পারেন ফাংকি ধাঁচের গয়না ও ব্যাগ

পাশ্চাত্যে এই পালাজ্জো পরা হচ্ছে খাটো আঁটসাঁট টেপর সঙ্গে। আমাদের দেশে পরা হচ্ছে লম্বা কামিজ অথবা ফতুয়ার সঙ্গে। দুই-তিন ধরনের কাট অনুসরণ করে পালাজ্জো বানানো হয়। একটিতে ওপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে ঢোলা কাটে বানানো হয়। অন্যটিতে ওপর দিক থেকে নিচের দিকটায় বেশি প্রশস্ত থাকে। তবে সব কাট সবার জন্য নয়। এ ধারণা থেকেই ফ্যাশন ডিজাইনার এমদাদ হক কিছু পরামর্শ দিলেন। যাঁদের উচ্চতা কম তাঁদের পালাজ্জো সব সময় মানায় না। যাঁদের স্বাস্থ্য একটু ভালো তাঁরা খুব ঢোলা কামিজ বা টপ না পরলেই ভালো। যাঁদের উচ্চতা একটু কম তাঁরা প্রথমে পরীক্ষামূলকভাবে পরে দেখুন। নিজের চোখে ভালো দেখালে পরুন৷ পাঁচ ফুট দুইয়ের ওপর যাঁরা পালাজ্জোর যেকোনো কাট তাঁদের মানিয়ে যাবে। এর নিচে অবস্থানকারীরা একটু চাপা কাটিংয়ের পালাজ্জো বেছে নিন। তাতে চওড়া পাড় না থাকাই ভালো। গোড়ালি থেকে অল্প একটু ওপরে উঠিয়ে পরুন। পায়ে থাকুক ওয়েজেস অথবা উঁচু হিল। এ ক্ষেত্রে পালাজ্জোর সঙ্গের কামিজটি খুব লম্বা না হলেই ভালো দেখাবে।
সোজা বা এ কাটের লম্বা কামিজ, হল্টারনেক টপ, হাত কাটা ফতুয়া, সোজা বা ওভাল কাটের কুর্তি, অ্যাবস্ট্রাক্ট কাটের ফতুয়া পালাজ্জোর সঙ্গে ভালো মানাবে। ফ্যাশন ডিজাইনার রামীম রাজ বলেন, ‘পালাজ্জোতে সঠিক কাটিং খুবই গুরুত্বপূর্ণ। সুতি, সিল্ক, ক্রেপ, লিনেন, নিট কটন কাপড় দিয়ে পালাজ্জো বানালে কাটটা খুব ভালো হবে। গরমের সময়টিতে এই পোশাকই রাজত্ব করবে ফ্যাশনপ্রেমীদের মনে। ঢিলা ও আরামদায়ক কাপড়ে তৈরি করা পালাজ্জো গরমের জন্য যথার্থ।’
একরঙা, ছাপা নকশার চওড়া কাটের এই ট্রাউজারগুলো পাওয়া যাচ্ছে ঢাকা শহরের নানা স্থানে।
বদরুদ্দোজা সুপার মার্কেট: এখানে পালাজ্জো পাওয়া যাচ্ছে ৩০০-৪০০ টাকার ভেতরে। গুলশান-১ ডিসিসি মার্কেট: ৩০০-৫০০ টাকা। ইয়েলো: ২০০০ টাকার ভেতরে। অরণ্য: ২০০০ টাকার ভেতরে। স্টুডিত এমদাদ: ফরমায়েশ দিলে এখানে আপনার পছন্দমতো পালাজ্জো বানিয়ে দেওয়া হবে। দাম পড়বে ২০০০ টাকা। মায়াসির: এখানে পালাজ্জোর দাম ১৮৫০ টাকা।
এ ছাড়া নানা ফেসবুকে পোশাক কেনার নানা পেজও দেখতে পারেন।

পালাজ্জোর কাটে থাকতে পারে ভিন্নতা
পালাজ্জোর কাটে থাকতে পারে ভিন্নতা