এখন প্রকাশ্যেই নেশার টাকা চায় মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

—ভাই ১০টা টিয়া (টাকা) দেন। —টাকা দিয়ে কি করবা? —‘ঘাম’ (আইকা) কিন্নাম। —ঘাম দিয়ে কী হবে? —নেশা কইরাম। লক্ষ্মীপুরের রায়পুরের ১৩ বছরের মামুন এভাবে প্রকাশ্যে নেশার টাকা চায়। অথচ বছরখানেক আগেও সে গোপনে নেশা করত।রাস্তায় রাস্তায় ঘুরে পরিত্যক্ত জিনিসপত্র (ভাঙারি) কুড়িয়ে বিক্রি করে চলে মামুনের দিন। এতে যা আয় হয়, তার অধিকাংশ সে নেশার পেছনে খরচ করে। এভাবে পাঁচ বছর ধরে নেশা করছে সে। গত বছরের ২৭ জুন মামুনকে নিয়ে প্রথম আলোতে ‘রায়পুরে নেশার ফাঁদে তরুণেরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিদিন রাত আটটা-নয়টার দিকে মামুনের হাতে একটি পলিথিন দেখা যায়। কিছুক্ষণ পর পর পলিথিনের ভেতর নাক-মুখ ঢুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় সে। পলিথিনের ভেতরে আইকা থাকে। সেই আইকার নেশাতেই বুঁদ হয় সে। রায়পুর শহরে তার মতো ১৩-১৪ জন কিশোর পলিথিনে আইকা ঢুকিয়ে নেশা করে।মামুনের সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা নেই, মা অসুস্থ। আগে মা নতুন বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন। এখন বোনের কাছে ঢাকায় থাকেন। সংসার চলত মামুনের টাকাতেই। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে ভাঙারির দোকানে ২০০-২৫০ টাকায় বিক্রি করে সে। বছর পাঁচেক আগে সমবয়সী অপর এক কিশোরের কাছ থেকে আইকার নেশার খোঁজ পায় মামুন। সেই থেকে শুরু। এখন তার প্রতিদিন সন্ধ্যায় ২৫ টাকা দামের চারটি আইকা লাগে।উপজেলা পরিষদ সড়কের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মামুনসহ ১৩-১৪ জন কিশোর প্রতি রাতে আইকা দিয়ে নেশা করে। নেশা করার পর তারা প্রায়ই রাস্তায় পড়ে থাকে। দিনে যে টাকা আয় করে, তার পুরোটাই ওরা নেশার পেছনে ব্যয় করে। মামুনকে মারধর করলেও লাভ হয় না। সে নেশা না করে থাকতে পারে না।রায়পুর থানার এসআই সৈয়দ জাকির হোসেন বলেন, গত বছর মামুনকে নিয়ে সংবাদ প্রকাশের পর সে কিছুদিন আত্মগোপনে ছিল। ওই সময় তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর জন্য খোঁজা হয়েছিল। পরে তার দুই সহকর্মীকে আটক করে কেন্দ্রে পাঠানো হয়। মামুনকে আটক করে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।