এখন প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মানিকনগর এলাকায় গতকাল মেয়র ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচার চালান আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী l প্রথম আলো
রাজধানীর মানিকনগর এলাকায় গতকাল মেয়র ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচার চালান আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী l প্রথম আলো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গতকাল শনিবার বিকেলে গণমিছিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। নবাবপুর রোড থেকে শুরু হয়ে মিছিলটি ৩৮, ৩৯, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে হাটখোলা গিয়ে শেষ হয়।
গণমিছিলের কারণে বিকেল পাঁচটা থেকেই নবাবপুর রোডে যানজটের সৃষ্টি হয়। পিকআপ ভ্যানসহ গণমিছিলটি টিপু সুলতান রোড, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, নবাব স্ট্রিট, টিকাটুলী, অভয় দাস লেন, কে এম দাস লেন, গোপীবাগ, রামকৃষ্ণ মিশন রোড ও হাটখোলা এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা নবাবপুর রোডে যান চলাচল বন্ধ থাকে। মিছিলে দেড় থেকে দুই হাজার কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ ছাড়া সঙ্গে ছিল আটটি ব্যক্তিগত গাড়ি। তবে এসব এলাকা দিয়ে গণমিছিল যাওয়ার সময় পিকআপ ভ্যানের কারণে পথের ওপর টাঙানো মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনেক পোস্টার ছিঁড়ে গেছে।
নবাবপুর রোডের স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ‘এই নেতা (সাঈদ খোকন) নির্বাচনী ইশতেহারে যানজট থেকে নগরবাসীকে উদ্ধারের স্লোগান দিচ্ছেন। অথচ আজ তিনিই এলাকায় যানজট তৈরি করেছেন।’
গণমিছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, তার পরও কেন এ কর্মসূচি? প্রথম আলোর এই প্রশ্নে সাঈদ খোকন কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘আমি বললেও আপনারা যা লিখবেন, না বললেও তা লিখবেন।’
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্য মেয়র প্রার্থীরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন। আপনি কি তা চান? সাঈদ খোকন বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। এত অল্প সময়ের মধ্যে এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরার দাবি অযৌক্তিক। নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি আশাবাদী।’
গণমিছিল শেষে হাটখোলা এলাকায় সমবেত লোকদের সাঈদ খোকন বলেন, ‘এখন আমাদের প্রতিটি মিনিট অনেক গুরুত্বপূর্ণ। তাই সময় কাজে লাগাতে হবে। নির্বাচনে মেয়র পদে জয় লাভ করে দেশের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
ভোটারদের উদ্দেশে সাঈদ বলেন, ‘আমার বাবা (মেয়র মোহাম্মদ হানিফ) ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমিও আপনাদের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। এ জন্য আপনাদের কাছে ইলিশ প্রতীকে ভোট চাই।’
গণমিছিলে সংরক্ষিত মহিলা আসনের রাশিদা পারভীন এবং আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ৪১ নম্বর ওয়ার্ডের সারোয়ার হাসান, ৩৮ নম্বর ওয়ার্ডের আবু আহমেদ মন্নাফীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।