এখন ফলাফলের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত অলিম্পিয়াড
গণিত অলিম্পিয়াড

আফ্রিকা মহাদেশের দক্ষিণতম বিন্দুটির নাম কেপপয়েন্ট। এর দুই দিকে দুটি মহাসাগর। পশ্চিম তীরে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানির প্রবাহ আর পুব দিকে ভারত মহাসাগরের অপেক্ষাকৃত উষ্ণ স্রোত। এ কারণে প্রচলিত বিশ্বাস আছে যে কেপপয়েন্টেই ভারত আর আটলান্টিক মহাসাগরের মিলনবিন্দু। তবে আধুনিক হিসাব-নিকাশ বলে, কেপপয়েন্ট নয় বরং কেপঅগহাস হচ্ছে ভারত-আটলান্টিক মহাসাগরের মিলনবিন্দু। তবে বড় কথা হলো, দুই মহাসাগরের অভিজ্ঞতা এই এক জায়গাতেই পাওয়া যায়।
ইউরোপ থেকে ভারতে যাওয়ার এই পথটিই খুঁজে পেয়েছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা। ইউরোপের যাত্রীরা কেবল কম সময়ে যেতে পারবে তা নয়, বরং এখানেই নিতে পারবে বিশ্রাম। সেই থেকে এই জায়গার নাম উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ)।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ গণিত দলের পর্যবেক্ষক তামিম শাহরিয়ারসহ বিভিন্ন দেশের আরও ৩০ জন উপদলনেতা গিয়েছিলাম সেখানে। ঘণ্টা দেড়েকের পথ। তবে তামিম খেয়াল করলেন যে পুরো যাত্রাপথের কোথাও গাড়ির চালক কখনো হর্ন বাজাননি। অন্তরীপ এবং এর আশপাশের অঞ্চল নিয়ে গড়ে উঠেছে ‘টেবল মাউন্টেন জাতীয় উদ্যান’। উদ্যানের ভেতর দিয়ে প্রায় ১৫ মিনিট যাওয়ার পর আমরা কেপপয়েন্টে পৌঁছাই। সেখানে চূড়ার ওপর বাতিঘর। চূড়ায় ওঠা বেশ কষ্টের। আস্তে আস্তে হেঁটে উঠতে হয়েছে। তবে ওঠার পর কষ্টটা আর থাকল না। চোখ যত দূর চোখ যায় পানি আর পানি। আহ্ কী সুন্দর! পার্কের মধ্যে অনেক বড় বড় প্রাণী আছে বলে নোটিশ বোর্ডে লেখা থাকলেও আমরা কেবল হরিণের মতো শিংওয়ালা ইল্যান্ড নামের প্রাণীর দেখা পেয়েছি।
গতকাল স্থানীয় সময় সকাল নয়টা থেকে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রে দ্বিতীয় ও শেষ দিনের আইএমওর পরীক্ষাপর্ব শুরু হয়। সাড়ে চার ঘণ্টার এই পরীক্ষায় তিনটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছিল, শেষ দিনের সহজ সমস্যাটি হবে জ্যামিতি থেকে। হয়েছেও তাই। বাংলাদেশ দলের একজন বাদে সবাই সেটি সমাধান করতে পেরেছে বলে জানা গেছে। তবে দ্বিতীয় ও তৃতীয় সমস্যা দুটি যথেষ্ট কঠিন হওয়ায় আমাদের কোনো সদস্যই সম্পূর্ণ সমাধান করতে পারেনি। পরীক্ষা শেষে বাংলাদেশ দলের সদস্যরা এমনটাই বলেছে। পরীক্ষা শেষে যোগ দেন বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার।
এখন থেকে শিক্ষার্থীদের আর কোনো আনুষ্ঠানিকতা নেই। সব দেশের প্রতিযোগীদের কাজ হলো ঘুরে বেড়ানো, নতুন বন্ধু খুঁজে নেওয়া এবং খেলাধুলায় যোগ দেওয়া। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের একাধিক মাঠে ফুটবল খেলার ব্যবস্থা করেছে আইএমও কর্তৃপক্ষ। পরীক্ষার কারণে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল দেখতে না পারলেও গতকাল থেকে সেই ব্যবস্থা করা হয়েছে।
উত্তরপত্র মূল্যায়নের কাজ শুক্রবার রাতের মধ্যে শেষ হওয়ার কথা। তারপরই জানা যাবে কোন দেশ কতটি স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জপদক পেল।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় সারা দেশ থেকে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। এতে সার্বিক সহায়তা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।